প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ২০:২৭ পিএম
ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে রাজস্ব ও প্রকৌশল বিভাগের সমন্বয়ে সোমবার এলিফ্যান্ট রোডের সায়েন্স ল্যাবরেটরি থেকে বাটা সিগন্যাল মোড় পর্যন্ত এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। ফাইল ছবি
রাজধানীর এলিফ্যান্ট রোডের সায়েন্স ল্যাবরেটরি থেকে বাটা সিগন্যাল মোড় পর্যন্ত এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে রাজস্ব ও প্রকৌশল বিভাগের সমন্বয়ে সোমবার এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সড়কের দুই পাশের বিভিন্ন অবৈধ স্থাপনা ও ভাসমান দোকান উচ্ছেদ করা হয়। একই সঙ্গে ফুটপাত থেকে অবৈধভাবে রাখা বিভিন্ন মালামাল ও সাইনবোর্ড সরিয়ে পথচারীদের চলাচলের উপযোগী করা হয়।
এ সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স, সাইনবোর্ড কর প্রদান এবং ফুটপাত অবৈধভাবে দখল করে সাইনবোর্ড বা মালামাল রাখা হয়েছে কি না, তা যাচাই করা হয়।
এ ছাড়া বিভিন্ন দোকান, রেস্তোরাঁ ও ভবনের শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্রের (এসি) পানি ফুটপাতে ফেলে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি এবং এডিস মশার লার্ভা জন্মানোর ঝুঁকি তৈরি না করতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
অভিযান চলাকালে ভুয়া ট্রেড লাইসেন্স প্রদর্শন এবং সিটি করপোরেশনের বিধি লঙ্ঘনের দায়ে দুই ব্যবসায়ীকে ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯’-এর আওতায় মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।