প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৩৬ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৫৫ পিএম
বাংলাদেশ আনসারের মনোগ্রাম। ছবি: উইকিপিডিয়া
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপি-০২ এলাকায় যাত্রীর স্বজনদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ ঘটনায় তিন আনসার সদস্য সামান্য আহত হয়েছেন এবং তাদের ইউনিফর্মের কিছু অংশ ছিঁড়ে গেছে। পরে বিমানবাহিনী ও আনসার সদস্যদের সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বিমানবন্দরের ক্যানোপি-০২ এলাকায় রবিবার রাত আনুমানিক ১টা ২০ মিনিটে সি-শিফটের নিরাপত্তা দায়িত্ব পালনের সময় এ ঘটনা ঘটে। এরই মধ্যে ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ওই সময় এক যাত্রীর স্বজন নিরাপত্তা নির্দেশনা অমান্য করে আগমনী গেট দিয়ে বিমানবন্দরের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করেন। দায়িত্বে থাকা বিমানবাহিনী ও আনসার সদস্যরা নিরাপত্তা প্রটোকল অনুযায়ী তাকে বাধা দেন।
বাহিনীর দাবি, ওই ব্যক্তি নিরাপত্তাকর্মীদের নির্দেশনা উপেক্ষা করে ভেতরে প্রবেশের চেষ্টা চালিয়ে একপর্যায়ে মেঝেতে পড়ে যান। এ সময় ঘটনাস্থলে থাকা কয়েকজন যাত্রীর স্বজন মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে থাকেন। নিরাপত্তাজনিত কারণে ভিডিও ধারণ বন্ধ করার অনুরোধ জানানো হলে তাদের সঙ্গে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের বাগবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে কয়েকজন উত্তেজিত ব্যক্তি আনসার সদস্যদের ওপর হামলার চেষ্টা করেন বলে দাবি করা হয়েছে। এ সময় দায়িত্ব পালনরত সদস্যরা আত্মরক্ষার্থে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেন। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কয়েকজন যাত্রীর স্বজন আনসার সদস্যদের ঘিরে ফেলেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবাহিনী, আনসারসহ দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তাকর্মীরা সমন্বিতভাবে কাজ করেন। একপর্যায়ে উত্তেজিত ব্যক্তিরা ঘটনাস্থল ত্যাগ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ঘটনায় দায়িত্ব পালনরত পিসি হাবিবুর রহমান, আনসার সদস্য মো. নুরুজ্জামান ও মো. সাদেকুল সামান্য আহত হন। তাদের ইউনিফর্মের কিছু অংশও ছিঁড়ে যায়। আহত হওয়ার পরও তারা বিমানবন্দরের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্ব পালন অব্যাহত রাখেন বলে জানিয়েছে আনসার বাহিনী।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনায় নিরাপত্তা নির্দেশনা মেনে চলা এবং দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তাকর্মীদের সহযোগিতা করা সবার দায়িত্ব। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে যাত্রী ও স্বজনদের নিরাপত্তা প্রটোকল অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।