কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৩২ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৩২ পিএম
প্রতীকী ছবি।
ঢাকার কেরানীগঞ্জে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার সৎ বাবার বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
কেরানীগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে রবিবার মামলাটি করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, কিশোরী তার মায়ের সঙ্গে কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নের দক্ষিণ মান্দাইল এলাকায় বসবাস করত। অভিযুক্ত তার মায়ের বর্তমান স্বামী।
এজাহারে অভিযোগ করা হয়েছে, ১ মে বিকালে কিশোরী বাসায় একা থাকার সুযোগে অভিযুক্ত তাকে ধর্ষণ করেন। পরে বিষয়টি পরিবারের সদস্যদের মধ্যে জানাজানি হয়।
এ ঘটনায় কিশোরী চার মাসের অন্তঃসত্ত্বা হয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে আটক করা হয়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হলে নিয়মিত মামলা করা হয়।
কিশোরীর মা ও স্থানীয়দের দাবি, বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিশোরীর শারীরিক পরিবর্তন দেখা দিলে তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি সন্দেহ হয়। স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও অভিযুক্ত তা এড়িয়ে যান।
আটকের পর এলাকাবাসীর চাপের মুখে অভিযুক্ত দাবি করেন, “আমার একার ইচ্ছায় কিছু হয়নি!”
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল কুদ্দুস জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।