× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকায় বড় নাশকতার শঙ্কা

নুর মোহাম্মদ মিঠু

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৯ এএম

মাতুয়াইল মেডিক্যাল এলাকায় আগুনে পুড়ছে বাস। ছবি: সংগৃহীত

মাতুয়াইল মেডিক্যাল এলাকায় আগুনে পুড়ছে বাস। ছবি: সংগৃহীত

রাজধানীর ৯টি স্থানে ককটেল ও হাতবোমা বিস্ফোরণ এবং দুটি বাসে অগ্নিসংযোগের পর নগরজুড়ে আতঙ্কের মধ্যে নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত শুক্রবার রাত থেকেই গুরুত্বপূর্ণ মোড়, প্রধান সড়ক, ফ্লাইওভার ও ঢাকার চার প্রবেশপথে বসানো হয়েছে দুই শতাধিক চেকপোস্ট। শনিবারও সবকটি চেকপোস্টে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হয়। নাশকতা ঠেকাতে মাঠে রয়েছে ডিবি, সিটিটিসি, এপিবিএন ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পাশাপাশি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্তে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। 

এদিকে শনিবার রাত ৭টার দিকে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের বিপরীত পাশে শিকড় পরিবহনের যাত্রীবাহী একটি চলন্ত বাসে আগুন দেয় দৃর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌঁছে নিয়ন্ত্রণে আনে আগুন। কিছুক্ষণ পর মিরপুর-১ নম্বরে অভিজাত পরিবহনের যাত্রীবাহী একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মিরপুর মডেল থানার ওসি হাজিফুর রহমান এ তথ্য জানিয়েছেন।

এর আগে শুক্রবার যাত্রাবাড়ী, মহাখালী, আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবনের সামনে, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা কলেজ, মালিবাগ ও মৌচাকসহ রাজধানীর ৯টি স্থানে ককটেল ও হাতবোমার বিস্ফোরণ ঘটে। একই সময়ে কাফরুল থানার সামনে ও কলেজগেট এলাকায় দুটি বাসে অগ্নিসংযোগ করা হয়।

নাশকতার পর রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ঢাকার প্রধান প্রবেশপথগুলোতে বাড়ানো হয়েছে পুলিশি পাহারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের সঙ্গে বিভিন্ন এলাকায় বিশেষ অভিযানও চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। 

গোয়েন্দা সূত্র জানায়, ককটেল নিক্ষেপ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা আরও বাড়তে পারে। নাশকতা ঠেকাতে মাঠে সক্রিয় রয়েছে গোয়েন্দারা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযানও চলছে। সূত্র জানায়, হামলাকারীরা অনেক ক্ষেত্রে মোটরসাইকেলে এসে দ্রুত ককটেল নিক্ষেপ করে পালিয়ে যাচ্ছে। ফলে হামলাকারীদের শনাক্ত ও তাদের গতিবিধি নজরদারিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

শুক্রবার রাতে রাজধানীর মালিবাগে আবুল হোটেল, মুগদা, যাত্রাবাড়ী ও গুলিস্তানসহ বিভিন্ন এলাকায় তল্লাশিতে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে প্রতিদিনের বাংলাদেশ। দায়িত্ব পালনরত কয়েকজন পুলিশ সদস্য জানান, হঠাৎই পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। সাধারণ মানুষের পাশাপাশি তারাও আতঙ্কের মধ্যে দায়িত্ব পালন করছেন। যেকোনো সময় পুলিশ সদস্যদের লক্ষ্য করেও হামলা হতে পারে।

ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগের ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে পুলিশ। এসব ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। এছাড়া সংশ্লিষ্ট থানাগুলোতে ইতোমধ্যে সাধারণ ডায়েরি (জিডি) ও মামলা করা হয়েছে। কাফরুল থানায় একটি মামলা হয়েছে। অন্য থানাগুলোতেও মামলা ও জিডির প্রক্রিয়া চলছে। প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়ের পাশাপাশি ঢাকার প্রধান প্রবেশদ্বারগুলোতেও কড়া নজরদারি চলছে। মোটরসাইকেলসহ সন্দেহজনক সব ধরনের যানবাহনে নিবিড় তল্লাশি করা হচ্ছে। নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে থানা মোবাইল প্যাট্রোল, ফুট প্যাট্রোল ও হোন্ডা প্যাট্রোলের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্টের পাশাপাশি পিকেট ডিউটিও জোরদার করা হয়েছে। বড় ধরনের অপরাধ ও নাশকতা ঠেকাতে মাঠে রাখা হয়েছে ডিবি, সিটিটিসি ও এপিবিএনের টিম। ডিএমপির প্রতিটি বিভাগকে সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

ফ্লাইওভারেও কড়া নজরদারি

ডিএমপির পাশাপাশি শুক্রবার রাত থেকেই রাজধানীর কৌশলগত ও গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। রাজধানীর সব ফ্লাইওভারের প্রবেশ ও বের হওয়ার মুখে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। অপরাধীরা যাতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যেতে না পারে, সেজন্য গুরুত্বপূর্ণ পয়েন্টে সাদা পোশাকে গোয়েন্দা পুলিশও মোতায়েন রয়েছে। ঢাকার বাইরে থেকে আসা ও ঢাকা থেকে বের হওয়ার চারটি প্রধান প্রবেশপথে বাড়ানো হয়েছে পুলিশি পাহারা ও নজরদারি। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চলছে। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দুই শতাধিক চেকপোস্টে ২৪ ঘণ্টা তল্লাশি কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।

রাজনৈতিক তৎপরতাতেও নজর

সাম্প্রতিক সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল এবং সুপ্রিম কোর্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনাগুলোর সূত্র ধরে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। গতকাল পর্যন্ত গুলশানের ঘটনায় ১৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওইসব ঘটনার ধারাবাহিকতায় সংশ্লিষ্ট চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারেও অভিযান চলছে।

এসআরবি-৩-এর অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সার্বক্ষণিক চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম, রোবাস্ট প্যাট্রোলিং এবং মোটরসাইকেল প্যাট্রোলিং জোরদার করেছে এসআরবি। বিশেষ করে জনবহুল এলাকা, গুরুত্বপূর্ণ স্থাপনা, কেপিআই ও প্রধান সড়কগুলোতে চেকপোস্ট এবং টহল জোরদারের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি করা হচ্ছে। 

এদিকে নাশকতার আশঙ্কায় যানবাহনের নিরাপত্তায় সতর্কতা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। শনিবার সংগঠনটির মহাসচিব মো. সাইফুল আলম এক বিজ্ঞপ্তিতে ঢাকাসহ দেশের সব মালিক ও শ্রমিককে সড়কের দুই পাশে কিংবা অনিরাপদ ও নির্জন স্থানে বাসসহ কোনো ধরনের যানবাহন পার্কিং না করার আহ্বান জানিয়েছেন। অনাকাঙ্ক্ষিত ক্ষয়ক্ষতি ও ভাঙচুর এড়াতে প্রতিদিনের চলাচল শেষে যানবাহন নিজ নিজ ডিপো, নির্ধারিত গ্যারেজ বা টার্মিনালে নিরাপদ পাহারায় রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা