× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বর্জ্য দিলেই মিলবে নিত্যপণ্য, বুড়িগঙ্গায় ভাসমান বাজার চালু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৩৬ পিএম

ঢাকার সোয়ারীঘাট লঞ্চঘাটে শনিবার সকালে বুড়িগঙ্গা নদীতে ভাসমান বাজার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার সোয়ারীঘাট লঞ্চঘাটে শনিবার সকালে বুড়িগঙ্গা নদীতে ভাসমান বাজার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বুড়িগঙ্গা নদীকে দূষণমুক্ত করা এবং নগরবাসীকে বর্জ্য ব্যবস্থাপনায় সচেতন করতে ‘বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার’ কর্মসূচি চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় নেওয়া এ কর্মসূচির আওতায় নদীতীরে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বর্জ্য নির্দিষ্ট স্থানে জমা দিলে বিনিময়ে পাওয়া যাবে নিত্যপ্রয়োজনীয় পণ্য।

ঢাকার সোয়ারীঘাট লঞ্চঘাটে শনিবার সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচিটির উদ্বোধন করা হয়। একটি লঞ্চ সাজিয়ে অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে ভাসমান বাজারটি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, বুড়িগঙ্গা নদীকে কেন্দ্র করেই প্রাচীন ঢাকা গড়ে উঠেছিল। ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগের ক্ষেত্রে এ নদীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

তবে অবৈধ দখল ও যত্রতত্র বর্জ্য ফেলার কারণে নদীটির অস্তিত্ব এখন হুমকির মুখে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, এক দিনে বুড়িগঙ্গার সব সমস্যা সমাধান সম্ভব নয়। তবে এ ধরনের কর্মসূচির মাধ্যমে নদীতীরের বাসিন্দা, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হবে।

ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকার চারপাশের বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা, বালু ও তুরাগ নদীকে নৌ-চলাচলের উপযোগী করতে সরকার গুরুত্ব দিচ্ছে।

নদীগুলো পুনরুজ্জীবিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির কথাও জানান মো. আবদুস সালাম। তিনি বলেন, সিটির ৭৫টি ওয়ার্ডে প্রতিদিন পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি প্রতি শনিবার বিশেষ অভিযান পরিচালনা করা হবে। দায়িত্ব পালনে অবহেলা করলে সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোথাও এডিস মশার লার্ভা পাওয়া গেলে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত পদক্ষেপও অব্যাহত থাকবে।

বর্জ্যকে সম্পদে রূপান্তরের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, বর্জ্য পুনর্ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ, গ্যাস, কম্পোস্ট সার ও ডিজেল উৎপাদনের উদ্যোগ প্রক্রিয়াধীন রয়েছে।

আগামী কয়েক মাসের মধ্যে এর প্রাথমিক পর্যায়ে পৌঁছানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা