এক মোটরসাইকেল আরোহীকে তল্লাশি করছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
এর অংশ হিসেবে রাজধানীজুড়ে টহল বাড়ানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্ট, ফ্লাইওভার ও প্রধান প্রবেশপথগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি জোরদার করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢকার প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড় ও প্রবেশদ্বারগুলোতে সার্বক্ষণিক নজরদারি চলছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে মোটরসাইকেলসহ সন্দেহজনক যানবাহনে নিবিড় তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীজুড়ে বিশেষ অভিযানও চলছে।
গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট ও পিকেট ডিউটি জোরদারের পাশাপাশি থানা মোবাইল প্যাট্রোল, ফুট প্যাট্রোল ও হোন্ডা প্যাট্রোল বাড়ানো হয়েছে। অপরাধ ও নাশকতা প্রতিরোধে মাঠে রয়েছে ডিবি, সিটিটিসি ও এপিবিএনের সদস্যরা।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, নগরবাসীর নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ডিএমপির প্রতিটি বিভাগ সতর্ক অবস্থানে রয়েছে। এ কাজে নগরবাসীর সহযোগিতাও কামনা করেছে পুলিশ।