× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেট্রোরেল ‘ট্র্যাপে’ ঢাকা: আইপিডি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৫৬ পিএম

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ২০:২৫ পিএম

মেট্রোরেল। ফাইল ফটো

মেট্রোরেল। ফাইল ফটো

ঢাকার গণপরিবহনে মেট্রোরেলের প্রয়োজনীয়তা থাকলেও এটিকে একমাত্র সমাধান হিসেবে দেখার সুযোগ নেই বলে মনে করছেন পরিবহন ও নগর পরিকল্পনা বিশেষজ্ঞরা।

তাদের মতে, মেট্রোরেলের পাশাপাশি বাস, রেল, বিআরটি, পথচারীবান্ধব অবকাঠামোসহ সমন্বিত যোগাযোগব্যবস্থায় বিনিয়োগ বাড়ানো জরুরি। কিন্তু এসব খাত পিছিয়ে রেখে একের পর এক ব্যয়বহুল মেট্রোরেল প্রকল্প নেওয়া হচ্ছে। এতে নির্মাণ ব্যয়ের পাশাপাশি বাড়ছে বৈদেশিক ঋণের চাপ।

ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি) শুক্রবার আয়োজিত ‘মেট্রোরেলের ব্যয় বৃদ্ধি ও পরিকল্পনায় ন্যায্যতা’ শীর্ষক এক অনলাইন অনুষ্ঠানে বিশেষজ্ঞরা এসব কথা বলেন। 

অনুষ্ঠানে মেট্রোরেল প্রকল্পে উন্মুক্ত প্রতিযোগিতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানানো হয়।

আইপিডির নির্বাহী পরিচালক অধ্যাপক আদিল মুহাম্মদ খান বলেন, মেট্রোরেলের প্রতি অতিরিক্ত আগ্রহ ও মাত্রাতিরিক্ত ব্যয় ঢাকাকে ‘মেট্রোরেল ট্র্যাপে’ ফেলেছে। এতে যোগাযোগ ও পরিবহনের অন্যান্য সম্ভাবনা পিছিয়ে পড়ছে।

তিনি বলেন, ২০০৫ সালের স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যানে (এসটিপি) বাস যোগাযোগ, বিআরটি ও পথচারীবান্ধব সুবিধার ওপর গুরুত্ব দেওয়ার কথা ছিল। কিন্তু এসব খাতে প্রত্যাশিত বিনিয়োগ হয়নি।

বিপরীতে প্রাথমিক পরিকল্পনায় তিনটি মেট্রোরেলের প্রায় ৬০ কিলোমিটারের প্রস্তাব থাকলেও সংশোধিত পরিকল্পনায় ছয়টি মেট্রোরেলের ১৪০ কিলোমিটারের বেশি নেটওয়ার্কের প্রস্তাব করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

আদিল মুহাম্মদ খান বলেন, মেট্রোরেল-১ ও মেট্রোরেল-৫ (উত্তর) প্রকল্পে ব্যয় ব্যাপকভাবে বেড়েছে। এতে বৈদেশিক ঋণের চাপ আরও বাড়বে। তাই যেকোনো বড় পরিবহন প্রকল্প অনুমোদনের আগে উপযোগিতা, বিকল্প এবং লাভ-ক্ষতির বিশ্লেষণ করা প্রয়োজন।

আইপিডির তথ্য অনুযায়ী, এডিবি ও দক্ষিণ কোরিয়ার অর্থায়নে মেট্রোরেল-৫ (দক্ষিণ) প্রকল্পে প্রতি কিলোমিটারে ব্যয় দুই হাজার ৬৪৫ কোটি টাকা। জাইকার অর্থায়নে মেট্রোরেল-১-এ প্রতি কিলোমিটারে ৩ হাজার ৬৬১ কোটি এবং মেট্রোরেল-৫ (উত্তর)-এ ৪ হাজার ৪৯২ কোটি টাকা ব্যয় হচ্ছে।

সংস্থাটির মতে, ব্যয়ের এই পার্থক্য প্রতিযোগিতামূলক ব্যবস্থা ও ব্যয় যাচাইয়ের প্রয়োজনীয়তা সামনে আনে।

আইপিডি মনে করে, কমলাপুর-এয়ারপোর্ট-জয়দেবপুর রেলপথে দ্রুতগতির কমিউটার ট্রেন চালুর সম্ভাবনাও বিবেচনা করা দরকার। বিদ্যমান রেলপথ উন্নয়নের বদলে এর সমান্তরালে বিপুল ব্যয়ে পাতাল মেট্রোরেল নির্মাণের পরিকল্পনা নেওয়া হচ্ছে। একইভাবে কুড়িল-পূর্বাচল করিডোরে তুলনামূলক কম ব্যয়ের বিআরটি চালুর সুযোগও যথাযথভাবে বিবেচনা করা হয়নি। মেট্রোরেল অনুমোদনের সময় বিআরটি, এলআরটি, মনোরেল, কমিউটার রেল, বাস রুট রেশনালাইজেশন ও উন্নত বাসসেবার মতো বিকল্পগুলো বিবেচনার দাবি জানানো হয়।

পরিবহন পরিকল্পনা বিশেষজ্ঞ মুনতাসীর মামুন বলেন, মেট্রোরেল কোথায় হবে, কখন হবে এবং কোথায় গিয়ে এর সম্প্রসারণ থামবে- এসব বিষয় ২০০৫ সালের এসটিপিতেই উল্লেখ ছিল। মেট্রোর পাশাপাশি কার্যকর বাস নেটওয়ার্ক গড়ে তোলা জরুরি।

তিনি বলেন, বর্তমানে মোট যাতায়াতের প্রায় ১ শতাংশ মেট্রোরেলের মাধ্যমে হচ্ছে। ভবিষ্যতে পরিকল্পিত সব মেট্রোরেল বাস্তবায়িত হলেও তা সর্বোচ্চ ১০ থেকে ১৫ শতাংশ ট্রিপ বহন করতে পারবে। ফলে বাকি যাত্রীদের জন্য কার্যকর পরিবহনব্যবস্থা গড়ে তোলা গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি ড. মোহাম্মদ আরিফুল ইসলাম বড় প্রকল্পে প্রতিযোগিতামূলক দরপত্র নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, প্রকল্পে যে ব্যয় অনুমোদন করা হচ্ছে, তা যৌক্তিক ও ন্যায্য কি না, সেটিও যাচাই করতে হবে। বড় প্রকল্প ও বিনিয়োগ ঢাকায় আরও মানুষ ও প্রতিষ্ঠান টেনে আনতে পারে, যা বিকেন্দ্রীকরণে বাধা সৃষ্টি করতে পারে।

আইপিডির রিসার্চ ফেলো কে এম আসিফ ইকবাল আকাশ বলেন, মেট্রোরেলের মতো বড় প্রকল্পে ব্যাপক ব্যয় বৃদ্ধি শুধু আর্থিক সমন্বয়ের বিষয় নয়; এটি প্রকল্প পরিকল্পনা, ব্যয় প্রাক্কলন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহির সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলে।

এশীয় উন্নয়ন ব্যাংকের সাবেক কনসালট্যান্ট স্থপতি শোয়েব হাসান শ্রাবণ বলেন, মেট্রোরেল-১-এর পরিকল্পনার পাশাপাশি বিদ্যমান রেলপথ ব্যবহারের সম্ভাবনা যথাযথভাবে বিবেচনা করা হয়নি। কমলাপুর থেকে জয়দেবপুর পর্যন্ত রেলপথকে দ্রুতগতির গণপরিবহন নেটওয়ার্কে উন্নীত করা গেলে মেট্রোরেল-১-এর প্রয়োজনীয়তা নতুন করে মূল্যায়নের সুযোগ ছিল।

আইপিডির অন্যান্য বিশেষজ্ঞও বাস, ট্রেন, ফুটপাত, অযান্ত্রিক যান ও সাইকেলপথকে সমন্বিত করে পরিবহনব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। তাঁদের মতে, বড় প্রকল্পের সামাজিক ও পরিবেশগত ব্যয়ও বিবেচনায় নিতে হবে। মেট্রোরেলের কার্যকারিতা বাড়াতে ফিডার সার্ভিস, পথচারীবান্ধব ব্যবস্থা এবং অন্যান্য গণপরিবহনের সঙ্গে সমন্বয় জরুরি।

আইপিডির সুপারিশ

মেট্রোরেল প্রকল্পে উন্মুক্ত ও আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক দরপত্র নিশ্চিতের সুপারিশ করেছে আইপিডি। ঋণদাতার শর্তের কারণে নির্দিষ্ট দেশের ঠিকাদার ও পরামর্শকের ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি দেশীয় প্রকৌশলী ও ঠিকাদারদের অংশগ্রহণ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

এ ছাড়া ডিপিপি তৈরির আগে স্বাধীন বিশেষজ্ঞ দিয়ে ব্যয় যাচাই, ২০-৩০ বছরের জীবনচক্র ব্যয় প্রকাশ এবং প্রতিটি প্রকল্পের দরপত্র, চুক্তি, ব্যয় ও সংশোধনের কারণ নিয়ে উন্মুক্ত তথ্যভান্ডার তৈরির সুপারিশ করা হয়েছে।

একই সঙ্গে বাস রুট রেশনালাইজেশন, কমিউটার রেল, বিআরটি ও অন্যান্য সাশ্রয়ী পরিবহনব্যবস্থার উন্নয়ন এবং মেট্রোরেল, বাস, রেল ও পথচারী ব্যবস্থার সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়েছে আইপিডি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা