সিনিয়রকে মারধর
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২১:০৬ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২১:০৭ পিএম
রাজধানীর তুরাগে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলে একাদশ শ্রেণির শিক্ষার্থী আনাস হাসান শাফিলকে ডেকে নিয়ে মারধর, মাছ ধরার ছিপ দিয়ে পেটানো ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় অষ্টম শ্রেণির দুই শিক্ষার্থীকে তিন কর্মদিবসের জন্য সাময়িক বহিষ্কার করেছে স্কুল কর্তৃপক্ষ। একইসঙ্গে তাদেরকে সতর্কও করেছে। একই ঘটনায় জড়িত আরেক শিক্ষার্থী ফায়াজ হককেও সতর্ক করা হয়েছে।
গ্লেনরিচ স্কুলের হেড অব অপারেশন মো. হাসিব প্রতিদিনের বাংলাদেশকে বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অষ্টম শ্রেণির মো. ইমতিয়াজ হাসান আনান (8F) ও মাহফুজুর রহমান আলিফ (8B)-কে ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে ২১ সেপ্টেম্বর (সোমবার) পর্যন্ত তিন কর্মদিবসের জন্য সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ সময়ে তারা স্কুলে উপস্থিত হতে পারবে না। অন্য শিক্ষার্থীকে মারধরের ঘটনায় জড়িত থাকার কারণে স্কুলের নীতিমালা লঙ্ঘনের দায়ে তাদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত হয়েছে। তবে অফিসিয়াল নোটিশে মারধরের অভিযোগের বিস্তারিত উল্লেখ করা হয়নি। এদিকে অভিযুক্ত শিক্ষার্থী মাহফুজুর রহমান আলিফ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ছেড়ে থাইল্যান্ডের উদ্দেশে গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে আনাস হাসান শাফিলের মা ফারহানা আক্তার নাদিয়া প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আমরা ইমতিয়াজের টিসির অপেক্ষায় আছি। সে একেবারেই অনুতপ্ত নয়, বরং বেশ জেদি ছেলে।
এর আগে গত ৮ সেপ্টেম্বর গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. আনাস হাসান শাফিলকে ডেকে নিয়ে মারধর করে ইমতিয়াজসহ অভিযুক্তরা। আনাসের মা ফারহানা আক্তার নাদিয়ার অভিযোগ, তার ছেলেকে এক শিক্ষার্থীর ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়া ও বিক্রির অভিযোগ তুলে বাইরে ডেকে নেওয়া হয়। সেখানে তাকে মারধর, মাছ ধরার ছিপ দিয়ে পেটানো ও কান ধরে ওঠবস করিয়ে ক্ষমা চাইতে বাধ্য করা হয়। ঘটনার সময় মারধরের ভিডিও ধারণ করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
পরিবারের দাবি, আনাস ছবি ছড়ানোর ঘটনায় জড়িত নয়। মারধরের ভিডিও ঘটনার দুই দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে দেওয়া হয়। এতে আনাস মানসিকভাবে ভেঙে পড়ে এবং সহপাঠীদের কাছে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে।
এ ঘটনায় গত ১২ সেপ্টেম্বর তুরাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন নাদিয়া। জিডি নম্বর ৭৭৩। এতে ইমতিয়াজ হোসেন আনান, মাহফুজুর রহমান আলিফ, সরোজিনী শেজা, ফায়াজ হকসহ কয়েকজন অজ্ঞাতের বিরুদ্ধে অভিযোগ করা হয়।
জিডির তদন্ত কর্মকর্তা তুরাগ থানার উপপরিদর্শক মো. আতিউর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, স্কুল কর্তৃপক্ষ তাদের প্রক্রিয়া শেষ করে সিদ্ধান্ত নিয়েছে। তবে পুলিশের তদন্ত আইনের নিজস্ব প্রক্রিয়ায় হবে। তিনি বলেন, ফায়াজকে সতর্ক করা হয়েছে এবং ইমতিয়াজ ও আলিফকে তিন দিনের জন্য বহিষ্কার ও সতর্ক করেছে স্কুল কর্তৃপক্ষ। জিডির তদন্তও দ্রুত শেষ করে প্রতিবেদন দেওয়া হবে।
তবে স্কুলের সিদ্ধান্তের পরও আনাসের পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ কাটেনি। নাদিয়ার অভিযোগ, মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তার ছেলে অপমান ও মানসিক চাপে রয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে তার ওপর আবার হামলার আশঙ্কাও রয়েছে ।