প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১৯ পিএম
বুধবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মোহাম্মদপুর হাউজিং এস্টেট ‘ডি’ টাইপ কলোনী কল্যাণ সমিতির নেতারা কথা বলেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাজধানীর মোহাম্মদপুরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (জাগৃক) নির্মিত ‘কনকচাঁপা’ ও ‘দোলনচাঁপা’ আবাসন প্রকল্পে পুরোনো আটটি ভবনের ক্ষতিগ্রস্ত ২৮৮টি পরিবারের পুনর্বাসনের দাবি জানানো হয়েছে।
বুধবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় মোহাম্মদপুর হাউজিং এস্টেট ‘ডি’ টাইপ কলোনী কল্যাণ সমিতি।
সংবাদ সম্মেলনে সমিতির নেতারা জানান, ২০১৯ সালে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ মোহাম্মদপুরে ‘কনকচাঁপা’ ও ‘দোলনচাঁপা’ নামে ৪৩০টি নতুন ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নেয়। সে সময় পুরোনো আটটি ভবনের ক্ষতিগ্রস্ত ২৮৮ পরিবারকে অগ্রাধিকার ভিত্তিতে পুনর্বাসনের আশ্বাস দেওয়া হয়েছিল। ক্ষতিগ্রস্ত পরিবারের চাহিদা পূরণ করার পরই অবশিষ্ট ফ্ল্যাট উন্মুক্তভাবে বিক্রির কথা ছিল। কিন্তু পরবর্তী সময়ে সেই পুনর্বাসনের শর্ত পরিবর্তন করা হয়েছে বলে তারা অভিযোগ করেন।
সমিতির সভাপতি মরগুব আহমেদ নাজম উদ্দীন বলেন, তারা কোনো বিশেষ সুবিধা চাইছেন না; বরং দীর্ঘদিনের বসতভিটা হারিয়ে ক্ষতিগ্রস্ত ২৮৮ পরিবারের আইনগত ও মানবিক অধিকার নিশ্চিত করার দাবি জানাচ্ছেন।
তিনি উল্লেখ করেন, ১৯৬০ সালে জাতিসংঘের তত্ত্বাবধানে ও একটি জার্মান এনজিওর সহায়তায় মোহাম্মদপুর ডি-টাইপ কলোনিতে ২৮৮টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছিল। আটটি ভবনের ২০০ বর্গফুটের ফ্ল্যাটে পাঁচ যুগের বেশি সময় ধরে এসব পরিবার বসবাস করে আসছে। তাদের জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন ও পাসপোর্টেও এই ঠিকানা ব্যবহৃত হয়েছে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, হাইকোর্টের দুটি রিটের (রিট পিটিশন নম্বর ৭৬৪১/২০২১ ও ১৮৩২৮/২০২৫) রায় ও আদেশ থাকা সত্ত্বেও পুনর্বাসন প্রক্রিয়ায় নানা পরিবর্তন আনা হয়েছে। বকেয়া ভাড়া ও ইউটিলিটি বিল পরিশোধের প্রত্যয়নপত্র জমা দেওয়া এবং জামানতসহ প্রতিটি পরিবারের ৬ থেকে ৮ লাখ টাকা ব্যয় করার পরও ২৫৭টি আবেদনের মধ্যে ১২৭টিকে ‘অবৈধ’ ঘোষণা করে বাতিল করা হয়েছে। এ ছাড়া মূল ২৮৮টি নথির মধ্যে ১১৫টি নথি খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেন তারা।
সমিতির নেতারা আরও বলেন, ক্ষতিগ্রস্তদের জন্য ফ্ল্যাটের মূল্য নির্ধারণ করা হয়েছে নতুন আবেদনকারীদের সমান, যা প্রতি বর্গফুট ৬ হাজার ৫৫৫ টাকা। পাশাপাশি কিস্তি পরিশোধের সময়সীমা আট বছর থেকে কমিয়ে চার বছর করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত আগস্টের শেষে মানববন্ধন কর্মসূচির পর সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবের নির্দেশে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সমিতির দাবি
সংবাদ সম্মেলনে সমিতির পক্ষ থেকে সাত দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে চারটি দাবিকে অগ্রাধিকার হিসেবে উল্লেখ করা হয়েছে। সেগুলো হলো—হাইকোর্টের রিটের রায় ও আদেশ অবিলম্বে বাস্তবায়ন করা; ক্ষতিগ্রস্ত ২৮৮ পরিবারের জন্য ২৮৮টি ফ্ল্যাট বরাদ্দের মাধ্যমে পূর্ণাঙ্গ পুনর্বাসন; বিতর্কিত বা অযোগ্য বরাদ্দের বিষয়ে নিরপেক্ষ তদন্ত, যাচাই ও সংশোধন; এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বরাদ্দ ও যাচাই প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহি ও প্রশাসনিক সংস্কার নিশ্চিত করা।
তাদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে—মানবিক কিস্তি সুবিধা দিয়ে দ্রুত ফ্ল্যাট হস্তান্তর, আবেদন থেকে বাদ পড়া ৩৫ পরিবারকে পুনরায় আবেদনের সুযোগ দেওয়া, দোলনচাঁপা প্রকল্পে ভবনভিত্তিক বৈষম্য দূর করা, কনকচাঁপা প্রকল্পে অতিরিক্ত তিনটি লিফট স্থাপন এবং বাইতুস সুজুদ জামে মসজিদকে প্রকল্পের স্থায়ী অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা।
সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক খন্দকার আনোয়ার কামালসহ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।