প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৭:১৬ পিএম
ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা রনজিলা পারভিনের মৃত্যুর ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: ডিএমপির সৌজন্যে
ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা রনজিলা পারভিনের মৃত্যুর ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের তেজগাঁও বিভাগ এই অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার দুজন হলেন—মো. খোকন ও মো. রাজিব মাতুব্বর। তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল, নিহত শিক্ষিকার ব্যাগ ও মুঠোফোন ছাড়াও ৬২২টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এসব তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ আগস্ট সকালে স্বামী মো. আব্দুল মতিনের সঙ্গে রিকশায় করে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন সড়ক দিয়ে যাচ্ছিলেন প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন। শেরেবাংলা নগর থানার মানিক মিয়া অ্যাভিনিউর ১২ নম্বর ফটক পেরিয়ে খেজুর বাগানমুখী রাস্তায় পৌঁছালে মোটরসাইকেল আরোহী খোকন ও রাজিব তাদের পিছু নেয়। খেজুর বাগানের সামনে পৌঁছামাত্র মোটরসাইকেলের পেছনে থাকা খোকন রনজিলা পারভিনের হাতের ব্যাগ ধরে সজোরে হ্যাঁচকা টান দেয়।
এতে রনজিলা পারভিন ভারসাম্য হারিয়ে চলন্ত রিকশা থেকে পাকা রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পান। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।
ঘটনার পরপরই থানা-পুলিশের পাশাপাশি ডিবি তেজগাঁও বিভাগ ছায়াতদন্ত শুরু করে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তিগত তথ্যের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করা হয়। পরে ঢাকা, সাভার ও মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে খোকন ও রাজিবকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় রাজিবের কাছ থেকে ৬২২টি ইয়াবা উদ্ধার করা হয়।
ডিবি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে মিরপুরের বড়বাগ এলাকা থেকে নিহতের ব্যাগ এবং মিরপুর-১-এর কো-অপারেটিভ মার্কেট থেকে মুঠোফোন উদ্ধার করা হয়। এছাড়া রাজিবের দেখানো তথ্যে ভাষানটেকের দেওয়ান পাড়া এলাকা থেকে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন ছিনতাই ও হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।