গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ২২:২৫ পিএম
প্রেমিকার কাছে ‘হিরোইজম’ দেখাতে গিয়ে নিজ স্কুলের একাদশ শ্রেণির এক শিক্ষার্থীকে ডেকে নিয়ে বেধড়ক মারধর করেছে অষ্টম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী। রাজধানীর তুরাগে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী মো. আনাস হাসান শাফিলকে প্রেমিকার ছবি অনলাইনে ছড়ানো ও বিক্রির অভিযোগ তুলে বাইরে ডেকে নেওয়া হয়। পরে তাকে এলোপাতাড়ি মারধর, মাছ ধরার ছিপ দিয়ে পেটানো এবং কান ধরে ওঠবস করিয়ে ক্ষমা চাইতেও বাধ্য করা হয়। হামলার সময় নির্যাতনের ভিডিও ধারণ করে দুই দিন পর তা ইনস্টাগ্রামসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। স্কুলে অভিযোগ ও থানায় জিডি করে এখন ছেলের নিরাপত্তা নিয়ে আতঙ্কে রয়েছে আনাসের পরিবার।
স্কুলে দেওয়া অভিযোগ, থানায় করা জিডি ও ভুক্তভোগীর পরিবারের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
আনাসের মা ফারহানা আক্তার নাদিয়া প্রতিদিনের বাংলাদেশকে বলেন, যারা আমার ছেলেকে মারধর করেছে তারা সবাই আনাসের জুনিয়র। অথচ তারাই ডেকে নিয়ে নির্যাতন করেছে। এ ঘটনায় শারীরিকভাবে আহত হওয়ার পাশাপাশি সহপাঠীদের কাছে চরম লজ্জা ও মানসিক চাপে পড়েছে আনাস। তিনি অভিযোগ করেন, মারধরের ঘটনার পর থানায় জিডি ও স্কুলে অভিযোগ দেওয়ায় ক্ষিপ্ত হয়ে আছে অভিযুক্তরা। তারা যেকোনো সময় আবারও হামলা করতে পারে।
তুরাগ থানায় করা জিডির তথ্য অনুযায়ী, একই স্কুলের শিক্ষার্থী আদরিনী সোহার (ছদ্মনাম) সঙ্গে ইমতিয়াজ হোসেন আনানের প্রেমের সম্পর্ক রয়েছে। সোহার কোনো ছবি আনাস অনলাইনে ছড়াচ্ছে বা বিক্রি করছে—এমন অভিযোগ করেছে ইমতিয়াজ। এর জের ধরেই আনাসকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে মারধর করা হয়। তবে আনাসের পরিবারের দাবি, ওই অভিযোগের সঙ্গে তার কোনো সম্পৃক্ততাই নেই।
ঘটনার শুরু গত ৮ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে। ওই দিন আনাস তার বন্ধু রেদওয়ান সরকারকে সঙ্গে নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিল। এর আগে ইমতিয়াজ ইনস্টাগ্রামের মাধ্যমে আনাসকে ফোন করে বাইরে দেখা করার কথা বলেন। পরে রেদওয়ানকে ফোন করেন ফায়াজ হক, যে ইমতিয়াজের চাচাতো ভাই বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। আনাস তার সঙ্গে আছে কিনা জানতে চান ফায়াজ। পরে তুরাগের উডনেস্ট রেস্তোরাঁর সামনে দেখা করতে বলে এবং রিকশাভাড়া দেওয়ার কথাও জানায়।
ফায়াজের কথায় বিশ্বাস করে আনাস ও রেদওয়ান সেখানে গিয়ে পাশের একটি চায়ের দোকানে বসেন। কিছুক্ষণ পর ইমতিয়াজ, মাহফুজ রহমান আলিফসহ আরও কয়েকজন সেখানে উপস্থিত হন। আনাসের মায়ের অভিযোগ, প্রথমে আলিফ তার ছেলের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং মুখ চেপে ধরে টানাটানি করেন। এরপর আনাসের বিরুদ্ধে সোহার ব্যক্তিগত বা অশালীন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া ও বিক্রির অভিযোগ তোলে।
আনাস ওই অভিযোগ অস্বীকার করেন বলে জিডিতে উল্লেখ করেছেন তার মা। আনাস তাকে জানিয়েছেন, প্রায় দুই বছর বা তারও বেশি সময় আগে তার বন্ধু সাদিয়ান সরফরাজের কাছে ওই ছবি পাঠানো হয়েছিল। তার ভাষ্য, সাদিয়ান সোহার পূর্বপরিচিত। তবে আনাস নিজে ওই ছবি ছড়ানো বা বিক্রিতে জড়িত নয়।
এরপরই আনাসের ওপর হামলা হয়। জিডিতে বলা হয়েছে, ইমতিয়াজ, আলিফসহ তাদের সঙ্গে থাকা আরও এক ব্যক্তি আনাসকে এলোপাতাড়ি চড়-থাপ্পড় মারেন। একপর্যায়ে মাছ ধরার ছিপ দিয়ে তাকে পেটানো হয়। এতে শরীরের বিভিন্ন স্থানে ফুলে যায়, জখম হয়। হামলার সময় মোবাইল ফোনে সেই ভিডিও ধারণ করা হয়। ভিডিও রেকর্ডিং করার পর তারা আনাসের কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়েছে। পরে তাকে কান ধরে ওঠবস করিয়ে ক্ষমা চাইতে বাধ্য করা হয়।
ঘটনার দুই দিন পর ১০ সেপ্টেম্বর সকালে আনাসকে নির্যাতনের ভিডিও একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে বলে জানতে পারেন নাদিয়া। তিনি বলেন, এরপর আনাসের সহপাঠীরা ফোন করে ‘তোকে নাকি মারছে, পিটিয়েছে’—এমন কথা জিজ্ঞেস করতে থাকে। এতে ছেলে চরম লজ্জা, হতাশা ও মানসিক চাপে পড়েছে।
সূত্রের দাবি, সোহার ছবি নিয়ে এর আগেও অভিযোগ উঠেছিল। এআই ব্যবহার করে ছবি তৈরির অভিযোগে মেহরান নামের সেই শিক্ষার্থীকে স্কুল কর্তৃপক্ষ টিসি দিয়েছে।
এদিকে আনাসকে মারধরের ঘটনায় ইমতিয়াজ-আলিফদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে স্কুল সূত্র জানিয়েছে। স্কুল শিক্ষার্থীদের সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে।
এ বিষয়ে জানতে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল ড. অম্লান কৃষ্ণের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ভাইস প্রিন্সিপাল তারানা মজিদ ফোন ধরলেও কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে বিষয়টি নিয়ে যিনি কাজ করছেন প্রতিষ্ঠানের হেড অব অপারেশন হাসিব এ প্রতিবেদকের সঙ্গে কথা বলেন তিনি। পরে প্রতিদিনের বাংলাদেশকে ফোন করে হাসিব বলেন, “ঘটনাটি অভিযোগ আকারে আমাদের কাছে এসেছে। আমাদের স্কুলের একটা প্রসিডিউর আছে। তদন্ত, জবানবন্দিসহ যাবতীয় কার্যক্রম ইতোমধ্যে আমরা শেষ করেছি। আজ বুধবার অধ্যক্ষ মহোদয় বিষয়টি নিয়ে একটি সিদ্ধান্ত দেবেন।” স্কুল সূত্র জানিয়েছে, ইমতিয়াজ ও ফায়াজ স্কুলে মিথ্যা বিবৃতি দিয়েছে। আলিফ তার বিবৃতিতে আংশিক সত্য বলেছে।
এ ঘটনায় গত ১২ সেপ্টেম্বর তুরাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন আনাসের মা। এতে ইমতিয়াজ হোসেন আনান, মাহফুজ রহমান আলিফ, সরোজিনী শেজা, ফায়াজ হকসহ কয়েকজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।
নাদিয়া প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “আনাসকে যারা মেরেছে তারা সবাই তার জুনিয়র। অথচ তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তার সঙ্গে তার কোনো সম্পৃক্ততাই নেই। এর মধ্যে মারধর করে কান ধরে ওঠবস করানোর ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। এগুলো নিয়ে আনাস চরম লজ্জা ও হতাশার মধ্যে আছে।” তিনি আরও বলেন, “তুরাগ থানায় জিডি করেও এখন পর্যন্ত কোনো অগ্রগতি পাইনি। স্কুলেও অভিযোগ করেছি। কিন্তু আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। যেকোনো সময় আমার ছেলেকে আবার মারধর বা বড় ধরনের ক্ষতি করা হতে পারে।” তিনি আরও বলেন, আমরা যদি কোনো আইনগত পদক্ষেপ নিই, তাহলে স্কুলের অন্য শিক্ষার্থীরা আমাদের সন্তানদের বুলিং করবে বলে হুমকি দিচ্ছে।
জিডির তদন্ত কর্মকর্তা তুরাগ থানার উপপরিদর্শক মো. আতিউর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “স্কুল কর্তৃপক্ষ তাদের কার্যক্রম শেষ করে সিদ্ধান্ত নিচ্ছে। কিন্তু আমাদের বিষয়টি আইনের মধ্যে থেকে মীমাংসা করতে হবে। থানার অন্য দায়িত্বের পাশাপাশি জিডির তদন্তও করতে হয়। যেমন আজ আমি থানার ডিউটি অফিসারের দায়িত্বে আছি। আগামীকাল (বুধবার) এটা নিয়ে কাজ করব। ওসি স্যারের সঙ্গেও কথা হয়েছে। আমরাও শিগগিরই তদন্ত শেষ করে প্রতিবেদন দেব।”
অভিযুক্ত ইমতিয়াজের মা তাসলিমা আক্তার প্রতিদিনের বাংলাদেশকে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা এ ঘটনায় আনাসের মায়ের কাছে ক্ষমা চেয়েছি।