ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার নদীবিধৌত চরাঞ্চলের প্রান্তিক খামারিদের মধ্যে উন্নত জাতের ছাগলসহ প্রাণিসম্পদ উপকরণ বিতরণ করেন সংরক্ষিত মহিলা আসন-১১ (৩১১)-এর সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার নদীবিধৌত চরাঞ্চলের প্রান্তিক খামারিদের মধ্যে উন্নত জাতের ছাগলসহ প্রাণিসম্পদ উপকরণ বিতরণ করা হয়েছে। চরাঞ্চলের জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রাণিজ আমিষের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
“মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারিপুর ও শরীয়তপুর জেলার নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন” শীর্ষক প্রকল্পের আওতায় কেরানীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সংরক্ষিত মহিলা আসন-১১ (৩১১)-এর সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খামারিদের হাতে উপকরণ তুলে দেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুস সাত্তার বেগ, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নির্বাচিত ৪০ জন সুফলভোগী খামারির প্রত্যেককে দুটি করে মোট ৮০টি উন্নত জাতের ছাগী দেওয়া হয়। সরবরাহকারী প্রতিষ্ঠান ‘মেসার্স তুষার এন্টারপ্রাইজ’-এর মাধ্যমে ছাগলগুলো হস্তান্তর করা হয়। স্বাস্থ্যবান, রোগমুক্ত ও সঠিক ওজনের ছাগল পেয়ে খামারিরা সন্তোষ প্রকাশ করেন।
বক্তারা বলেন, চরাঞ্চলের মানুষের জীবিকার অন্যতম প্রধান উৎস কৃষি ও প্রাণিসম্পদ। তবে মানসম্পন্ন প্রাণী, আধুনিক প্রযুক্তি, পশুখাদ্য ও চিকিৎসাসেবার সীমাবদ্ধতা রয়েছে। প্রকল্পের মাধ্যমে উপকরণ বিতরণের পাশাপাশি আধুনিক ও বিজ্ঞানভিত্তিক পশুপালন, খাদ্য ব্যবস্থাপনা ও রোগ প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্টরা আশা করেন, এ উদ্যোগ চরাঞ্চলের প্রান্তিক মানুষের আয় ও কর্মসংস্থান বাড়িয়ে তাদের স্বাবলম্বী করতে এবং প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।