প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ ২০:২৫ পিএম
জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
‘মানুষকে আর শুধু ধৈর্য ধরতে বলা যাবে না। বিদ্যুৎ নেই, গ্যাস নেই, জ্বালানির নিশ্চয়তা নেই, জননিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে—মানুষ এখন বাস্তব ফল চায়। শুধু সরকার বা শাসক পরিবর্তন করলেই সংকটের স্থায়ী সমাধান হবে না; রাষ্ট্র পরিচালনার পদ্ধতিতেও পরিবর্তন আনতে হবে। জনগণ শুধু রাষ্ট্রের সেবাগ্রহীতা নয়; জনগণই রাষ্ট্রক্ষমতার উৎস।’
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এসব কথা বলেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।
বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট, ক্রমবর্ধমান জনদুর্ভোগ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে জেএসডির উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী ও সাধারণ নাগরিক অংশগ্রহণ করেন।
মানববন্ধনে স্বপন আরও বলেন, সৎ-স্বচ্ছ, জনমুখী ও জবাবদিহিমূলক শাসনের পাশাপাশি রাষ্ট্র পরিচালনায় শ্রম-কর্ম-পেশার জনগণের অংশীদারিত্ব প্রতিষ্ঠা করতে হবে। বিদ্যুৎ ও গ্যাসের অনিশ্চিত সরবরাহ, জ্বালানি সংকট এবং নিরাপত্তাহীনতা মানুষের দৈনন্দিন জীবন, উৎপাদন, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানকে মারাত্মকভাবে ব্যাহত করছে। মানুষ নিয়মিত বিল ও কর দিচ্ছে, কিন্তু প্রয়োজনীয় সেবা ও নিরাপত্তা পাচ্ছে না।
এসময় জেএসডির সহ-সভাপতি মিসেস তানিয়া রব বলেন, মানুষ রাষ্ট্রের কাছে করুণা চাইছে না—তার অধিকার ও প্রাপ্য সেবা চাইছে। কিন্তু আমাদের সংকট শুধু বিদ্যুৎ, গ্যাস বা জ্বালানির নয়; এটি সিদ্ধান্ত গ্রহণেরও সংকট। যাদের জীবন ও জীবিকা এসব সিদ্ধান্তের ওপর নির্ভর করে, সেই শ্রমজীবী, কর্মজীবী ও পেশাজীবী মানুষ সিদ্ধান্ত গ্রহণের জায়গায় কার্যকরভাবে উপস্থিত নেই। মানুষকে শুধু ভোটার, করদাতা বা সেবাগ্রহীতা হিসেবে দেখলে গণতন্ত্র পূর্ণ হয় না।
ঢাকা মহানগর পশ্চিম’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাঈনুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন সহ-সভাপতি অ্যাডভোকেট কে এম জাবির, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, সাংগঠনিক সম্পাদক এস এম সাছুল আলম নিক্সন, কামরুল আহসান অপু, ফারজানা দিবা, যুব পরিষদের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, এস এম মনিরুজ্জামান মনির, সাহানা সুলতানা, যুব বাঙ্গালী কেন্দ্রীয় নেতা তোফাজ্জল হোসেন, ছাত্রলীগ (বৈ স) সাধারণ সম্পাদক নাবিলা সুলতানা প্রমুখ।