ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দেশব্যাপী তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে ঢাকার ধানমন্ডি ও আশপাশের এলাকায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং ডেঙ্গু সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সভাপতি মীর শাহে আলম।
এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
এর আগে শনিবার সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে তিন মাসব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উদ্বোধনের পর প্রতিমন্ত্রী ও ডিএসসিসি প্রশাসক ধানমন্ডি ২৭ নম্বর সড়ক ও রাপা প্লাজা এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম, সম্ভাব্য এডিস মশার প্রজননস্থল ঘুরে দেখেন।
ধানমন্ডির আগে তারা সেচ ভবনে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’-এর পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শন করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, “যেকোনো মূল্যে আমাদের ডেঙ্গু প্রতিরোধ করতে হবে। শুধু নির্দিষ্ট কিছু দিনের অভিযানে সীমাবদ্ধ থাকলে চলবে না, বছরজুড়েই এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করতে হবে।”
পরিচ্ছন্নতা অভিযানকে একটি ধারাবাহিক সামাজিক আন্দোলনে রূপ দিতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ নাগরিক, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনকে সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বানও জানান মন্ত্রী।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় শুরু হওয়া এ কর্মসূচির মূল লক্ষ্য এডিস মশার বংশবৃদ্ধি সম্পূর্ণভাবে বন্ধ করা এবং সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো।
নির্মাণাধীন ভবনসহ বিভিন্ন স্থানে পানি জমিয়ে রাখার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে প্রতিমন্ত্রী বলেন, “কোনো স্থানে পানি জমিয়ে রেখে এডিসের প্রজননক্ষেত্র তৈরি করা হলে তার দায় সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের ওপরই বর্তাবে। অভিযানে অবহেলা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক অর্থদণ্ড ও কারাদণ্ড দেওয়া হবে।”
ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম নগরবাসীর সহযোগিতা কামনা করে বলেন, “নিজের এবং পরিবারের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থেই আমাদের নিজ নিজ ঘরবাড়ি ও আঙিনা পরিষ্কার রাখতে হবে। একটি সুন্দর, পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়তে এই তিন মাসব্যাপী বিশেষ অভিযানে সবাইকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার অনুরোধ জানাচ্ছি।”
পরিদর্শনকালে ডিএসসিসির কর্মকর্তা, পরিচ্ছন্নতা বিভাগের কর্মী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।