ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জাতীয় বিপ্লবী পরিষদের উদ্যোগে শুক্রবার বাদ আসর কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্নাহর ৭৮তম মৃত্যুবার্ষিকী পালিন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দোয়া মাহফিলের মধ্য দিয়ে কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্নাহর ৭৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জাতীয় বিপ্লবী পরিষদের উদ্যোগে শুক্রবার বাদ আসর এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মুহাম্মদ আলী জিন্নাহ যদি উপমহাদেশে পাকিস্তান প্রতিষ্ঠা না করতেন, তবে এ অঞ্চলে কোনো স্বাধীন মুসলিম রাষ্ট্র হতো না। আর সেই ধারাবাহিকতা ছাড়া পরবর্তীতে স্বাধীন বাংলাদেশ লাভ সম্ভব হতো না। তাই স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার এই কীর্তির জন্য জাতি তাঁর নিঃস্বার্থ সংগ্রামের কাছে চিরঋণী।
প্রধান আলোচনায় জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী এহসান বলেন, “কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্নাহ ছিলেন মহান মুসলিম জাতীয়তাবাদী নেতা। তার দূরদর্শী নেতৃত্বে আমাদের পূর্বপুরুষেরা ১৯৪৭ সালে স্বাধীনতা অর্জন করেছিলেন। আমরা জিন্নাহকে স্মরণ করার মধ্য দিয়ে মূলত আমাদের বাপ-দাদাদের ঐতিহাসিক কীর্তিকেই শ্রদ্ধা জানাচ্ছি।”
তিনি বলেন, ভৌগোলিক দূরত্ব পেরিয়ে মুসলিম উম্মাহর ঐক্য ও বন্ধন সুদৃঢ় করতে জিন্নাহ অনন্য ভূমিকা রেখেছিলেন। সম্প্রতি সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা চুক্তি বাংলাদেশও সেই চুক্তিতে শামিল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এর মাধ্যমে জিন্নাহর মুসলিম ঐক্যের দৃষ্টিভঙ্গি বাংলাদেশে পুনরায় প্রাসঙ্গিক হয়ে উঠবে বলেও দাবি করেন তিনি।
কায়েদে আজমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় বিপ্লবী পরিষদ ৯ সেপ্টেম্বর থেকে তিন দিনের ‘দি আর্কিটেক্ট রিমেম্বার্ড’ শীর্ষক স্মরণ উৎসব পালন করে। কর্মসূচিতে ছিল জিন্নাহর জীবনীভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী, সেমিনার ও প্রার্থনা।
সমাপনী দিনে সংগঠনের নেতৃবৃন্দ সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় নেতা শেরেবাংলা এ. কে. ফজলুল হক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মাজার জিয়ারত করেন। পরে মসজিদে দোয়া ও মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোয়াজ্জেম হোসেন, জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী এ কে এম রেজাউল ইসলাম, জাতীয় বিপ্লবী পরিষদের যুগ্ম-আহ্বায়ক সাইয়েদ কুতুব, সদস্য সচিব ডা. নাবিল আহমদ, সদস্য সাইদুল ইসলাম, বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ, সমন্বয়ক মো. আরিফুল ইসলাম এবং জুলাই যোদ্ধা মাওলানা শফিকুর রহমানসহ সংগঠনের নেতাকর্মীরা।