× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকায় দুর্যোগ মোকাবিলায় ১ লাখ প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী প্রস্তুতের পরিকল্পনা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৩২ পিএম

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলুর কাছে মঙ্গলবার ১ লাখ প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী সদস্য প্রস্তুত রাখার পরিকল্পনা উপস্থাপন করেন আনসার মহাপরিচালক। ফাইল ছবি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলুর কাছে মঙ্গলবার ১ লাখ প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী সদস্য প্রস্তুত রাখার পরিকল্পনা উপস্থাপন করেন আনসার মহাপরিচালক। ফাইল ছবি

রাজধানী ঢাকায় ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ যেকোনো আকস্মিক দুর্যোগ মোকাবিলায় ১ লাখ প্রশিক্ষিত শহর প্রতিরক্ষা দল (টিডিপি) স্বেচ্ছাসেবী সদস্য প্রস্তুত রাখার পরিকল্পনা উপস্থাপন করেছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

বাহিনীর জনসংযোগ বিভাগ থেকে বুধবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, মঙ্গলবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে আনসার মহাপরিচালক এ পরিকল্পনা তুলে ধরেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক রাজধানীর ওয়ার্ড, জোন ও থানা এলাকাভিত্তিক এসব প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী দুর্যোগকালীন সময়ে ফার্স্ট রেসপন্ডার হিসেবে দ্রুত সাড়া প্রদান, উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ ও মানবিক পুনর্বাসন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখবেন।

আনসার-ভিডিপির ডিজিটাল ডাটাবেজে অন্তর্ভুক্ত এসব স্বেচ্ছাসেবীকে মৌলিক প্রশিক্ষণের পাশাপাশি ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ আকস্মিক দুর্যোগ মোকাবিলায় বিশেষায়িত ও উন্নত প্রশিক্ষণ দেওয়ার রূপরেখাও উপস্থাপন করেন মহাপরিচালক। এর মাধ্যমে রাজধানীর বিভিন্ন এলাকায় একটি কার্যকর স্থানীয় দুর্যোগ সাড়াদান সক্ষমতা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এ কর্মপরিকল্পনার প্রতি ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন। পরিকল্পনাটি বাস্তবায়নে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

সাক্ষাৎকালে আনসার-ভিডিপি মহাপরিচালক বাহিনীর চলমান সংস্কার কার্যক্রম, সক্ষমতা বৃদ্ধি এবং বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ সম্পর্কেও মন্ত্রীকে অবহিত করেন। তিনি জানান, সাম্প্রতিক বন্যা ও অন্যান্য দুর্যোগে স্থানীয় পর্যায়ে নিয়োজিত আনসার-ভিডিপি সদস্যরা ফার্স্ট রেসপন্ডার হিসেবে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উদ্ধার, ত্রাণ বিতরণসহ মানবিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করছেন।

এ ছাড়া উপকূলীয় ও পার্বত্য অঞ্চলে বাস্তবায়নাধীন ‘জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পরিবেশ সহনশীলতা এবং অভিযোজন সক্ষমতা বৃদ্ধি’ প্রকল্পের কথাও মন্ত্রীকে জানানো হয়। এর আওতায় শিগগিরই বাগেরহাট, দিনাজপুর, বরগুনা ও রাঙামাটিতে পরিবেশবান্ধব প্ল্যান্ট, রেইনওয়াটার হার্ভেস্টিং সিস্টেম এবং রিভার্স অসমোসিস সিস্টেম স্থাপনের কার্যক্রম নেওয়া হবে।

মন্ত্রী আনসার-ভিডিপির সাম্প্রতিক উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির উদ্যোগের প্রশংসা করেন। বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করতে বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তিনি মহাপরিচালককে ধন্যবাদ জানান।

দুর্যোগের পূর্বপ্রস্তুতি, দ্রুত সাড়াদান, প্রশমন কার্যক্রম, উদ্ধার অভিযান এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনা নিশ্চিত করার বিভিন্ন কৌশল নিয়েও সাক্ষাতে মতবিনিময় হয়।

যেকোনো দুর্যোগময় মুহূর্তে প্রান্তিক পর্যায়ে নিয়োজিত আনসার-ভিডিপি সদস্যদের সর্বাত্মক সহযোগিতা ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন ত্রাণমন্ত্রী।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা