অনুষ্ঠানে কমপক্ষে ৩, ১০, ২৫ ও ৫০ বার রক্তদানকারী তিন শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা দেওয়া হয়। ফাইল ছবি
দেশের মোট জনসংখ্যার প্রায় ২৮ শতাংশ তরুণ। এই তরুণরাই নিয়মিত স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে দেশের রক্তসংকট পুরোপুরি মেটাতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
রাজধানীর আইডিইবি ভবনে স্বেচ্ছাসেবী সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশন মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত স্বেচ্ছা রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ঢাবি উপাচার্য বলেন, “তরুণরা যদি বছরে অন্তত একবার নিয়মিত রক্তদান করে, তাহলে আমাদের দেশে কখনোই রক্তসংকট হবে না”।
দেশের রক্তের চাহিদা পূরণে তরুণদের আরও বেশি করে স্বেচ্ছা রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, “রক্তদাতা সম্মাননার এ আয়োজন নতুন বাংলাদেশ গড়তে নতুন ভাবনার একটি বিশেষ উপলক্ষ। দেশের সার্বিক রক্তচাহিদা পূরণে স্বেচ্ছা রক্তদাতাদের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। স্বেচ্ছা রক্তদাতারাই মানবিক বাংলাদেশ নির্মাণের পথপ্রদর্শক”।
দেশপ্রেমের বাস্তব রূপ তুলে ধরে অধ্যাপক ওবায়দুল ইসলাম বলেন, “দেশপ্রেম শুধু আবেগ কিংবা স্লোগানের বিষয় নয়। নিজের কাজ সততার সঙ্গে করা এবং দুর্বল মানুষের পাশে দাঁড়ানোই দেশপ্রেমের বাস্তব প্রকাশ”।
অনুষ্ঠানে কমপক্ষে ৩, ১০, ২৫ ও ৫০ বার রক্তদানকারী তিন শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা দেওয়া হয়। তাদের হাতে সম্মাননা সনদ, ক্রেস্ট ও মেডেল তুলে দেন প্রধান অতিথি।
স্বেচ্ছায় রক্তদানের অভিজ্ঞতা অনুষ্ঠানে তুলে ধরেন ৫১ বারের প্লাটিনাম রক্তদাতা কাজী হাসান আলী, ২৬ বারের গোল্ডেন রক্তদাতা রেজেকা সুলতানা এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত নিয়মিত রক্তগ্রহীতা মাসুমা হোসেন তন্নী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আশিক মোসাদ্দিক। স্বাগত বক্তব্য দেন স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের পরিচালক এম. রেজাউল হাসান।
অনুষ্ঠানে জানানো হয়, সাড়ে পাঁচ লক্ষাধিক ডোনার পুল নিয়ে কোয়ান্টাম ল্যাব ২০০০ সাল থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত ১৮ লক্ষাধিক মুমূর্ষু রোগীকে রক্ত ও রক্ত উপাদান দিয়ে সহায়তা করেছে।
কোয়ান্টাম ল্যাবের তথ্য অনুযায়ী, ৫০ বা তার বেশি বার রক্তদানকারী প্লাটিনাম দাতার সংখ্যা ১৯৬ জন। ২৫ থেকে ৪৯ বার রক্তদানকারী গোল্ডেন ডোনার রয়েছেন ৩ হাজার ১৩৮ জন। ১০ থেকে ২৪ বার রক্তদানকারী সিলভার ডোনারের সংখ্যা ১৩ হাজার ৮৩ জন। এ ছাড়া কমপক্ষে তিনবার রক্তদানকারী লাইফ লং ডোনার রয়েছেন ৫৮ হাজারের বেশি।
অনুষ্ঠানে কোয়ান্টাম ল্যাবের পক্ষ থেকে স্বেচ্ছা রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। একই সঙ্গে দেশের রক্তের চাহিদা পুরোপুরি মেটাতে তরুণদের মানবিক এ সেবায় আরও বেশি করে যুক্ত হওয়ার আহ্বান জানান আয়োজকরা।