সাভার (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১৩:০২ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৪০ পিএম
নিহত এসবি সদস্য মো. আলতাফ হোসেন। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) মো. আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রাইভেট কারের চালক ও মালিক জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আমিনবাজার এলাকা থেকে রবিবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল আলম।
পুলিশ জানায়, শনিবার রাত ৮টার দিকে আমিনবাজারের বরদেশি মদিনা হাউজিং এলাকায় একটি গেঞ্জি ফ্যাক্টরির সামনে প্রাইভেট কার রাখা নিয়ে দুই পক্ষের ঝামেলা হয়। এ সময় বিষয়টি মেটাতে গিয়ে আলতাফ হোসেন ও তার ছেলে হামলার শিকার হন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এর আগে একটি আঞ্চলিক সড়কে এক বৃদ্ধ রিকশাচালক রিকশা ঠিক করছিলেন। এ সময় একটি প্রাইভেটকার এসে ওই বৃদ্ধ ও রিকশাকে ধাক্কা দেয়। পরে গাড়িতে থাকা কয়েকজন ওই রিকশাচালককে মারধর শুরু করে।
ওই সময় ঘটনাস্থলের কাছে থাকা এসআই আলতাফ হোসেন এগিয়ে এসে প্রতিবাদ করেন। একপর্যায়ে প্রাইভেট কারে থাকা ৪-৫ জন যুবক তার ওপর চড়াও হয়। পরে আরও লোকজন নিয়ে এসে তাকে বেধড়ক পেটানো হয় বলেও দাবি সূত্র দুটির।
গুরুতর আহত ও অচেতন অবস্থায় আলতাফকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আলতাফ ঢাকার মালিবাগে এসবিতে কর্মরত ছিলেন এবং পরিবার নিয়ে আমিনবাজারের বড়দেশী মদিনা সিটি এলাকায় বসবাস করতেন।