ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ যেন পরিণত হয়েছে পরিচ্ছন্নতা আর স্বস্তির অনন্য উৎসবে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বাজারে থলে হাতে ঘুরছেন মানুষ, কিনছেন নিত্যপ্রয়োজনীয় চাল, ডাল, তেল। অথচ পকেট থেকে বের হচ্ছে না কোনো টাকার নোট! টাকার বদলে তারা বিক্রেতার হাতে তুলে দিচ্ছেন বাসাবাড়ির জমানো পরিত্যক্ত প্লাস্টিক বর্জ্য। গল্পের মতো শোনালেও এমনই এক অভিনব বাজারের দেখা মিলেছে রাজধানীর কামরাঙ্গীরচরে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ যেন পরিণত হয়েছে পরিচ্ছন্নতা আর স্বস্তির অনন্য উৎসবে।
কামরাঙ্গীরচরের আশরাফাবাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গতকাল শনিবার এই অস্থায়ী বাজার বসেছিল। এতে অংশ নেন এলাকার অনেক নাগরিক। পরিবারের জমানো প্লাস্টিকের বোতল দিয়ে চাল-ডাল নিচ্ছিলেন তারা। নিজে বাজারে যাননি, কিন্তু নতুন এই বাজারের কথা জানেনÑ এমন এক স্থানীয় বাসিন্দা আবুল কালাম। তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘এটি দারুণ একটি উদ্যোগ! এতে আমাদের মতো সাধারণ মানুষের দুই দিক দিয়ে লাভ। একদিকে বাসাবাড়ির যত্রতত্র পড়ে থাকা বর্জ্যগুলো পরিষ্কার হয়ে পরিবেশ ভালো থাকছে, অন্যদিকে বিনা পয়সায় সংসারের নিত্যপ্রয়োজনীয় বাজারও হয়ে যাচ্ছে। এমন বাজার নিয়মিত বসলে মানুষের অভ্যাসের পরিবর্তন হবে, শহর এমনিতেই ঝকঝকে হয়ে যাবে।’
বাজারের শুভসূচনার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। এ সময় ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহবুবুর রহমান তালুকদারও উপস্থিত ছিলেন।
প্রশাসক আবদুস সালাম বলেন, ‘পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। ড্রেন ও নালা-নর্দমায় প্লাস্টিকসহ অন্যান্য বর্জ্য ফেলার কারণে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়। নাগরিকরা নির্ধারিত স্থানে বর্জ্য জমা দিলে জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ সুরক্ষাÑ দুটোই নিশ্চিত হবে।’
শিগগিরই গুলিস্তানে একটি স্থায়ী স্টল স্থাপনসহ পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে এই কর্মসূচি ছড়িয়ে দেওয়ার কথা জানান প্রশাসক। এ ছাড়া পথশিশুদের জন্য ‘বই পড়ার বিনিময়ে খাবার’ চালুর পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি কামরাঙ্গীরচরবাসীকে বুড়িগঙ্গা রক্ষা ও দূষণমুক্ত রাখার আহ্বান জানান।
বর্জ্যকে সম্পদে রূপান্তরের চিত্র তুলে ধরে বিদ্যানন্দ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জামাল উদ্দিন বলেন, ‘আমরা প্রান্তিক জনগোষ্ঠীকে কেবল সহায়তা না দিয়ে পরিচ্ছন্নতা অভিযানের অংশীদার করছি। গত দুই বছরে সংগৃহীত প্লাস্টিক বর্জ্য বিক্রি করে প্রায় ১ কোটি টাকা আয় হয়েছে, যা দিয়ে প্রায় ৪ লাখ মানুষকে আহার করানো সম্ভব হয়েছে।’ তিনি জানান, আগামী এক বছরে ১০০টি ভ্রাম্যমাণ ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ১ লাখ কেজি প্লাস্টিক বর্জ্য সংগ্রহের লক্ষ্য রয়েছে তাদের।
বর্জ্য দিয়ে সচেতনতা গড়ার এই হাওয়া লেগেছে চট্টগ্রামেও। সেখানে মাত্র ১০০ গ্রাম প্লাস্টিক বর্জ্য জমা দিলেই বিনামূল্যে চট্টগ্রাম চিড়িয়াখানায় প্রবেশের সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার ঘোষণার পর মঙ্গলবার শুরু হওয়া এ কার্যক্রমে প্রথম দিনেই বর্জ্য দিয়ে চিড়িয়াখানা ঘুরেছে সাত শিক্ষার্থী।
চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর শাহাদাত হোসেন শুভ স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের আইডি কার্ড দেখিয়ে শিক্ষার্থীরা এ সুযোগ নিতে পারবেন। আশা করি, সামনে আরও বেশি সংখ্যায় শিক্ষার্থীরা বর্জ্য নিয়ে আসবেন। পরিবেশদূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের বন্য প্রাণী সংরক্ষণে সম্পৃক্ত করার লক্ষ্যে আমাদের এ উদ্যোগ।’