মুখে টেপ দেওয়া মরদেহ উদ্ধার
মেডিক্যাল প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫২ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪ পিএম
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে শুক্রবার সকালে মুখে টেপ মারা অবস্থায় ইসমাইলের মরদেহ উদ্ধার করে পুলিশ। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয় তার পরিচয় শনাক্ত করেছে পুলিশ। মো. ইসমাইল হোসেন (৫০) নামের সেই ব্যক্তি মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে গ্রামের বাড়ি জামালপুর থেকে গাজীপুরে ফিরছিলেন বলে তার পরিবারের বরাতে এই তথ্য জানিয়েছে পুলিশ।
ইসমাইলের পরিবারের দাবি, সঙ্গে থাকা নগদ ৫ লাখ টাকা, দুটি মোবাইল ফোন ও একটি বাজারের ব্যাগ পাওয়া যায়নি।
নিহত ইসমাইল হোসেন জামালপুর সদর উপজেলার হবদেশ গ্রামের জালাল উদ্দিনের ছেলে। তিনি ডেল্টা স্পিনিং মিলে নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করতেন। প্রায় ৯ মাস আগে অসুস্থতার কারণে চাকরি ছেড়ে দেন। এরপর কিছুদিন গাজীপুরের কাশিমপুরে স্ত্রী, দুই সন্তান ও ছেলের বউয়ের সঙ্গে বসবাস করলেও চার মাস আগে গ্রামের বাড়ি জামালপুরে ফিরে যান।
পরিবারের সদস্যরা জানান, ছোট মেয়ে শারমিনের বিয়ের কথাবার্তা চূড়ান্ত হয়েছিল। বিয়ের দিন-তারিখ ঠিক করতেই তিনি গাজীপুরে পরিবারের কাছে ফিরছিলেন। মেয়ের বিয়ের খরচ জোগাতে সম্প্রতি ১১ শতাংশ জমি সাড়ে ১০ লাখ টাকায় বিক্রি করেন তিনি। ওই টাকা থেকে ২ লাখ টাকা ঋণ পরিশোধ এবং গ্রামের বাড়িতে ঘর তৈরিতে কিছু টাকা খরচ করার পর অবশিষ্ট ৫ লাখ টাকা সঙ্গে নেন।
নিহতের ছেলে হাসান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে জামালপুর থেকে গাজীপুরের উদ্দেশে রওনা হন তার বাবা। এর আগে রাত ১১টার দিকে ফোন করে সকালে পৌঁছানোর কথা জানিয়েছিলেন। সকালে গাজীপুরের জিরানীতে নামার কথা ছিল তার।
হাসান বলেন, “সকালে জিরানীতে গিয়ে বাবাকে অনেকবার ফোন করি। কিন্তু ফোন বন্ধ পাই। পরে বনানী থানা থেকে আমাদের গ্রামের পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করে বাবার মৃত্যুর খবর জানানো হয়”।
এর মধ্যেই শুক্রবার সকালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে মুখে টেপ মারা অবস্থায় ইসমাইলের মরদেহ উদ্ধার করে পুলিশ।
খবর পেয়ে পরিবারের সদস্যরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে ইসমাইলের মরদেহ শনাক্ত করেন। স্বজনদের দাবি, তার সঙ্গে থাকা ৫ লাখ টাকা, একটি অ্যান্ড্রয়েড ফোন, একটি বাটন ফোন এবং বাজারের ব্যাগ- কোনোটিই পাওয়া যায়নি।
পুলিশ জানায়, শুক্রবার সকালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তখন তার মুখে টেপ লাগানো ছিল এবং পরনে ছিল নীল রঙের শার্ট ও লুঙ্গি। আঙুলের ছাপ নিয়ে জাতীয় পরিচয়পত্রের তথ্যভাণ্ডারের সঙ্গে মিলিয়ে তার পরিচয় শনাক্ত করা হয়।
বনানী থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম তালুকদার জানান, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, “আমরা ধারণা করছি, তাকে শ্বাসরোধ করে হত্যা করে কোনো একটি গাড়িতে করে এনে লাশটি ফেলে যাওয়া হয়েছে। তবে এটি হত্যাকাণ্ড, নাকি অজ্ঞান পার্টি বা মলম পার্টির সদস্যদের সঙ্গে কোনোভাবে ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে”।
পুলিশ কর্মকর্তা আরও জানান, এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে নিরাপত্তা ক্যামেরা রয়েছে। সেসব ক্যামেরার ভিডিও সংগ্রহ করে মরদেহটি কীভাবে সেখানে এলো এবং কোনো গাড়িতে করে তাকে আনা হয়েছিল কি না, তা শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে নিখোঁজ ৫ লাখ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধারে তদন্ত চলছে।
ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।