সোনার বার। ছবি: এপি
উড়োজাহাজের যাত্রীশূন্য একটি আসন। নিচ থেকে উদ্ধার হলো কালো স্কচটেপে মোড়ানো ২০ কোটি টাকার সোনার বার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমন সোনার চালান প্রায়ই ধরা পড়ছে। কাস্টমস হাউস গত এক বছরেই জব্দ করেছে ৬৫ কেজি সোনা। কিন্তু প্রতিবারই শুধু সোনা উদ্ধার হচ্ছে, ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন চোরাচালানের মূল হোতারা। কাস্টমস কর্তৃপক্ষও অকপটে স্বীকার করেছে, এই রাঘববোয়ালদের টিকিটিও ছোঁয়া যাচ্ছে না।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে দুবাই থেকে আসা ফ্লাই দুবাইয়ের এফজেড৫২৩ নম্বর ফ্লাইটে তল্লাশি চালায় ঢাকা কাস্টমস হাউস। উড়োজাহাজের ১৯এ আসনের নিচ থেকে উদ্ধার করা হয় ৯ দশমিক ৩৩ কেজি ওজনের ৮০টি সোনার বার। মালিকবিহীন এসব সোনা কাস্টমসের মূল্যবান গুদামে জমা রেখে বিমানবন্দর থানায় একটি ফৌজদারি মামলা হয়েছে। তবে এই ২০ কোটি টাকার সোনা কার বা কারা এর মূল হোতা- সে উত্তর এখনও অধরা।
এক বছরে ৬৫ কেজি সোনা উদ্ধার
ঢাকা কাস্টমস হাউসের কমিশনার মো. মশিউর রহমান গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান, গত এক বছরে শাহজালাল বিমানবন্দর থেকে ৬৫ কেজি সোনা উদ্ধার হয়েছে। কিন্তু বিপুল পরিমাণ এই সোনা উদ্ধারের ঘটনায় বড় কোনো চক্রকে বিচারের আওতায় আনা যায়নি। তিনি বলেন, ‘শাহজালাল দিয়ে সোনা এনে আকাশ ও সড়কপথে অন্য দেশে পাচার করা হয়। আমরা নানাভাবে এই চক্রকে থামানোর চেষ্টা করছি।’
স্ক্যানার-সংকট ও তদন্তে জটিলতা
সোনা চোরাচালান রোধে বড় বাধা এখন স্ক্যানার-সংকট। কমিশনার জানান, চট্টগ্রাম বা মোংলা বন্দরে কনটেইনার ধরে স্ক্যান করার সুযোগ থাকলেও শাহজালাল বিমানবন্দরে শুধু ব্যাগেজ ও লাগেজ স্ক্যান করা যায়। গত বছর অগ্নিকাণ্ডে কিছু স্ক্যানার পুড়ে যাওয়ায় পরিস্থিতি আরও কঠিন হয়েছে।
ভেতরের লোকজন জড়িত কি না
বিমানের কর্মী, ক্রু বা পাইলটদের সংশ্লিষ্টতার প্রশ্নে কমিশনার সরাসরি উত্তর এড়িয়ে যান। তিনি বলেন, “আমাদের নজরদারির বাইরে কেউ নেই। তবে আইনি প্রক্রিয়ার কারণে সুনির্দিষ্ট প্রমাণের আগে সরাসরি কাউকে অভিযুক্ত করা যায় না”।
আগের ঘটনাগুলোতেও আটক শূন্য
গত ১৯ জুলাই একটি ফলের ঝুড়ি থেকে ১৬ কেজি সোনা উদ্ধার হয়েছিল। ওই ঘটনায় এখনও কেউ আটক হয়নি। সম্মেলনে কমিশনার বলেন, “আমরা আমদানিকারক, ফরোয়ার্ডার ও সিঅ্যান্ডএফ এজেন্টের নাম উল্লেখ করে মামলা দিয়েছি। বাকিটা আইনশৃঙ্খলা বাহিনীর বিষয়”।
চক্রের পেছনের মানুষদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে না পারলে কেবল সোনা উদ্ধার করে এই অপরাধ থামানো অসম্ভব।