প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ২২:৫২ পিএম
জাতীয় সংসদের সংশ্লিষ্ট স্থায়ী কমিটির পর্যালোচনায় জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬ এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬-এ কয়েকটি ইতিবাচক সংশোধনের প্রস্তাব করা হলেও গুরুতর মানবাধিকার লঙ্ঘন, বিশেষ করে গুমের ঘটনায় স্বাধীন, নিরপেক্ষ ও স্বার্থের দ্বন্দ্বমুক্ত তদন্ত নিশ্চিত করার মৌলিক ঘাটতি রয়ে গেছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংস্থাটি জানায়, দেশে দীর্ঘদিন কার্যকর মানবাধিকার কমিশন এবং গুম প্রতিরোধে কার্যকর আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামোর অনুপস্থিতির কারণে বহুমাত্রিক ও নির্মম মানবাধিকার লঙ্ঘনের যে তিক্ত অভিজ্ঞতা তৈরি হয়েছে, তার আলোকে বিল দুটি চূড়ান্তভাবে পাসের আগে প্রতিটি গুরুত্বপূর্ণ ধারা নিয়ে সংসদে সরকারি ও বিরোধী দলের সব সদস্যের অর্থবহ আলোচনা প্রয়োজন।
জাতীয় মানবাধিকার কমিশন বিলে আদিবাসী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রতিনিধিত্বের বাধ্যবাধকতা, ঋণখেলাপি ব্যক্তিকে কমিশনার হওয়ার অযোগ্যতা এবং সামরিক আটককেন্দ্র ছাড়া অন্যান্য আটককেন্দ্র পরিদর্শনে পূর্বানুমোদনের শর্ত বাদ দেওয়ার প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছে টিআইবি।
তবে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, কমিশন কোনো মন্ত্রণালয় বা বিভাগের অধীন হবে না, এমন সুস্পষ্ট বিধান না থাকা, চাকরিরত সরকারি কর্মচারীদের প্রেষণ, লিয়েন বা অবৈতনিক ছুটিতে কমিশনার হওয়ার সুযোগ এবং বাছাই কমিটিতে স্পিকার, দুই মন্ত্রী, সরকারি দলের সংসদ সদস্য ও মন্ত্রিপরিষদ সচিবকে রাখার ফলে নির্বাহী বিভাগ ও ক্ষমতাসীন দলের একচ্ছত্র প্রভাবের ঝুঁকি তৈরি হয়েছে।
এ ছাড়া কমিশনের মোট জনবলের ৩০ শতাংশ পর্যন্ত সরকারি কর্মচারী প্রেষণে নিয়োগ এবং ব্যয় ও বরাদ্দ ব্যবহারে পূর্ণাঙ্গ আর্থিক স্বাধীনতার নিশ্চয়তা না থাকায় কমিশনের প্রকৃত স্বাধীনতা প্রশ্নের মুখে পড়বে বলে মনে করে টিআইবি। ড. জামানের ভাষায়, ‘কমিশন গঠন হচ্ছে, কিন্তু তা স্বাধীন হওয়ার আশা দুরাশাই রয়ে যাচ্ছে।’
তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘনের তদন্তের কর্তৃত্ব কার্যত অভিযুক্ত প্রতিষ্ঠানের হাতেই থেকে যাচ্ছে। জাতীয় প্রতিরোধ ব্যবস্থা ইউনিটের নিয়মিত ও পূর্বঘোষণা ছাড়া পরিদর্শনযোগ্য স্থানের তালিকা থেকে ‘সামরিক আটককেন্দ্র’ বাদ দেওয়াও উদ্বেগজনক। পাশাপাশি সংক্ষুব্ধ ব্যক্তি বা তার পক্ষে আইনি সহায়তা, মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ, আন্তর্জাতিক মানবাধিকার দলিলের সঙ্গে আইনের সামঞ্জস্য পরীক্ষা এবং মানবাধিকার উন্নয়নে প্রয়োজনীয় অন্যান্য কাজের মতো কমিশনের গুরুত্বপূর্ণ কার্যাবলি সংকুচিত করা হয়েছে।
গুম প্রতিরোধ ও প্রতিকার বিল নিয়েও টিআইবির উদ্বেগ রয়েছে। সংস্থাটির মতে, ধারা ৪-এর ভাষাগত পুনর্বিন্যাস ছাড়া স্বাধীন তদন্ত, জবাবদিহিতা ও ভুক্তভোগীর অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে সংসদীয় কমিটি মৌলিক কোনো সংশোধনের সুপারিশ করেনি। ফলে জবাবদিহির কাঠামোয় প্রস্তাবিত পরিবর্তনগুলো অনেকটাই ‘কসমেটিক’।
টিআইবি বলছে, জাতীয় মানবাধিকার কমিশন বিলের ধারা ১৯-এ শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে কমিশনের সরাসরি অনুসন্ধান ও তদন্তের বদলে সংশ্লিষ্ট বাহিনী বা প্রতিষ্ঠানের কাছেই প্রতিবেদন চাওয়ার ব্যবস্থা বহাল রাখা হয়েছে। এতে কমিশনের তদন্তক্ষমতা ২০০৯ সালের আইনের তুলনায়ও দুর্বল হয়েছে এবং তা প্যারিস নীতিমালার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।
একইভাবে গুম প্রতিরোধ বিলের ধারা ১৪(৩)-এ অভিযুক্ত বাহিনীকে নিজ সদস্যের বিরুদ্ধে তদন্ত থেকে বিরত রাখলেও অন্য শৃঙ্খলা বাহিনী বা আন্তঃবাহিনী তদন্ত দলের হাতে দায়িত্ব দেওয়ার সুযোগ রাখা হয়েছে। অতীতে গুমের ঘটনায় বিভিন্ন শৃঙ্খলা, পুলিশ, গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থার সদস্যদের সম্পৃক্ততার অভিযোগ থাকায় এ ধরনের তদন্ত কতটা স্বাধীন হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
টিআইবি আরও বলেছে, আন্তর্জাতিক সনদ আইসিপিপিইডির সঙ্গে সামঞ্জস্য রেখে গুমের সংজ্ঞায় জনপ্রতিনিধি, সংসদ সদস্য, মন্ত্রী, উপদেষ্টা ও রাষ্ট্রের অন্যান্য প্রভাবশালী ব্যক্তির সম্ভাব্য সম্পৃক্ততাও স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। ধারা ১৫-এ অধস্তন তদন্তকারীর অন্তর্বর্তী প্রতিবেদনের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্মকর্তাকে অব্যাহতির সুযোগ এবং ধারা ১৬-এ নিখোঁজ ব্যক্তির সন্ধান বা পরিণতি নিশ্চিত না হওয়া পর্যন্ত তদন্ত অব্যাহত রাখা ও পরিবারকে নিয়মিত অগ্রগতি জানানোর বিধান না থাকাও উদ্বেগজনক।
এ ছাড়া ২০২৫ সালের অধ্যাদেশের তুলনায় গুমের অপরাধের সাজা কমানো এবং অভিযোগ প্রমাণিত না হলে ‘মিথ্যা বা হয়রানিমূলক’ অভিযোগের জন্য সর্বোচ্চ পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের বিধান ভুক্তভোগীদের অভিযোগ করতে নিরুৎসাহিত করতে পারে বলে আশঙ্কা করছে টিআইবি।
ড. ইফতেখারুজ্জামান বলেন, সংসদীয় কমিটির পর্যালোচনা ছিল বিল দুটির মৌলিক দুর্বলতা সংশোধনের গুরুত্বপূর্ণ সুযোগ। কিছু ইতিবাচক পরিবর্তন এলেও অংশীজনদের উত্থাপিত মূল উদ্বেগগুলো বহাল রয়েছে। তাই তড়িঘড়ি কণ্ঠভোটে বিল দুটি পাস না করে দলীয় আনুগত্যের ঊর্ধ্বে উঠে প্রতিটি ধারা ও সংশোধনী নিয়ে অর্থবহ আলোচনা এবং প্যারিস নীতিমালা, আইসিপিপিইডিসহ আন্তর্জাতিক মানদণ্ড ও ভুক্তভোগীদের অধিকার বিবেচনায় প্রয়োজনীয় সংশোধনের পর বিল দুটি পাস করার আহ্বান জানান তিনি।