প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ২২:৪৭ পিএম
রাজধানীর মিরপুর এলাকায় স্বেচ্ছাসেবক দল নেতা মো. সাইফুল ইসলাম সিজুকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনায় অভিযুক্ত পেশাদার শুটার মো. জামিল হোসেন ওরফে জাকিরকে (৪৮) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ। গত বুধবার রাত ১১টা ২০ মিনিটে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে, জাকির একজন পেশাদার সন্ত্রাসী ও অস্ত্রধারী শুটার। দীর্ঘদিন ধরে সে মিরপুর এলাকায় ভয়ভীতি প্রদর্শন করে আধিপত্য বিস্তার করে আসছিল। বিগত আওয়ামী লীগ সরকারের সময় সে তৎকালীন শীর্ষ সন্ত্রাসী তানভীর ইসলাম জয়ের সহযোগী হিসেবে মিরপুরে কাজ করত। জয় নিহত হওয়ার পর অপরাধীচক্রের আরেক সদস্য তাজকীরের সহযোগী হিসেবে তার কার্যক্রম অব্যাহত রাখে।
প্রসঙ্গত, গত ৭ জুলাই ২০২৬ রাত আনুমানিক ৯টায় মিরপুর মডেল থানাধীন সেনপাড়া পর্বতা এলাকায় আধিপত্য বিস্তার ও ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজুকে (৩৮) হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। ওই ঘটনায় জাকির পালিয়ে গেলেও তার সহযোগী শুটার মো. কাওছার ভুইয়া ওরফে শান্ত ওরফে এসবিকে (২৪) অস্ত্র ও গুলিসহ মিরপুর মডেল থানা পুলিশ গ্রেপ্তার করেছিল।