ধামরাই (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১৫:২০ পিএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১৫:২৯ পিএম
অভিযুক্ত আজহারুল ইসলাম কাওসারকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ। ছবি: ভিডিও থেকে
ঢাকার ধামরাইয়ে ১৪ বছরের এক কিশোরীকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণের অভিযোগে তার সৎ বাবা আজহারুল ইসলাম কাওসারকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ।
এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
গ্রেপ্তার আজহারুলকে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আদালতে পাঠায় পুলিশ।
এর আগে বুধবার দিবাগত রাতে ধর্ষণের বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।
ধামরাইয়ের কেলিয়া দক্ষিণপাড়া এলাকায় মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে আজহারুল কৌশলে তার দুই সৎ মেয়েকে ঘুমের ওষুধ খাওয়ান। পরে বড় মেয়ে ও ছোট মেয়ে আলাদা দুটি কক্ষে ঘুমিয়ে পড়ে। রাত চারটার দিকে তিনি তার স্ত্রীর হাত-পা রশি দিয়ে খাটের সঙ্গে বেঁধে মুখে কসটেপ পেঁচিয়ে দেন। পরে বড় মেয়ের কক্ষে ঢুকে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করেন। একপর্যায়ে ছোট মেয়ে মায়ের হাতের বাঁধন খুলে দিলে তিনি বড় মেয়েকে উদ্ধার করেন।
কিশোরীটি জানায়, এর আগেও একাধিকবার ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করেছেন তার সৎ বাবা।
ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা খান জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু ও আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।