ঢাকার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে বৃহস্পতিবার সকালে ‘প্রধানমন্ত্রী প্রতিশ্রুত ভূমিকম্প বিষয়ক প্রশিক্ষণ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবিলায় আগে থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, ভূমিকম্প বলে-কয়ে আসে না। তাই ভূমিকম্পের আগেই প্রস্তুতি নিতে হবে, যাতে দুর্যোগের পর দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো যায়।
ঢাকার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে বৃহস্পতিবার সকালে ‘প্রধানমন্ত্রী প্রতিশ্রুত ভূমিকম্প বিষয়ক প্রশিক্ষণ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, বাংলাদেশ ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এ জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মন্ত্রণালয় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করছে।
তিনি বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। এখানে নিয়মিত নানা ধরনের দুর্যোগ আঘাত হানে। এসব দুর্যোগে মানুষের দুর্ভোগ ও ক্ষয়ক্ষতি কমাতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেন, প্রশিক্ষণের মাধ্যমে মানুষ দক্ষ ও সক্ষম হয়ে ওঠে। প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীরা সুযোগ পেলেই আর্তমানবতার সেবায় এগিয়ে আসবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।