বুড়িগঙ্গা নদীর তীরে থাকা প্লাস্টিকসহ অন্যান্য বর্জ্য। ছবি: বিবিসি বাংলা
১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গা নদীর তীরে থাকা সব প্লাস্টিকসহ অন্যান্য বর্জ্য অপসারণ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
নদীর লালবাগ ও কামরাঙ্গীরচর থানার ইসলামবাগ এলাকা থেকে বর্জ্য সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের এক আবেদনের প্রেক্ষিতে বুধবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই আদেশ দিয়েছে।
পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান, ঢাকার জেলা প্রশাসক, লালবাগ এবং কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদেরকে আগামী ১৫ দিনের মধ্যে এই আদেশ বাস্তবায়ন করতে হবে।
একই সঙ্গে, ওই আদেশ বাস্তবায়ন করে চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশও দেওয়া হয়েছে।
শুনানিতে আইনজীবী মনজিল মোরসেদ বলেন, “বুড়িগঙ্গার পানি দূষণের কারণে ঢাকার পরিবেশ মারাত্মক দূষিত হচ্ছে। এইচআরপিবির দায়ের করা মামলায় হাইকোর্ট অনেকগুলা নির্দেশনা দিয়েছেন, তা সত্ত্বেও ঢাকার ইসলামবাগ এলাকায় নদীর তীরে শত শত প্লাস্টিক বর্জ্য ফেলে রাখা হয়েছে যা চূড়ান্তভাবে বুড়িগঙ্গার পানিতে পড়ে দূষণ বৃদ্ধি পাবে”।
শুনানি শেষে বর্জ্য অপসারণের ওই আদেশ দিয়েছে হাইকোর্ট।