কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি যাচাই করছেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-২-এর (খিলগাঁও-তিলপাপাড়া) আঞ্চলিক কার্যালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন সংস্থাটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
তিনি বুধবার সকাল ১০টার দিকে কার্যালয়টি পরিদর্শন করেন।
পরিদর্শনের শুরুতেই কার্যালয়ের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়, যাতে পরিদর্শন শুরুর পর বিলম্বে আসা কোনো কর্মকর্তা-কর্মচারী প্রবেশ করতে না পারেন।
এ সময় প্রশাসক বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি যাচাই করেন।
তিনি প্রতিটি শাখার হাজিরা খাতা পরীক্ষা করে অনুপস্থিতদের তাৎক্ষণিকভাবে ‘অনুপস্থিত’ হিসেবে চিহ্নিত করার নির্দেশ দেন।
অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের কারণ দর্শানোর (শোকজ) নোটিশ জারি এবং বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নিতে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোঃ আবু আসলামকে নির্দেশ দেন প্রশাসক।
এ ছাড়া নাগরিক সেবার মান বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম সরেজমিনে মনিটরিং এবং এসব কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত হতে কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেন।