প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ ২৩:০৩ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৬ ২৩:০৫ পিএম
উপমহাদেশের প্রখ্যাত সম্পাদক ও ভাষা সৈনিক সাংবাদিক আবদুস সালামের মতো নির্লোভ ও সৎ হওয়ার পাশাপাশি তার সাহসী সাংবাদিকতাকে অনুসরণ করতে নতুন প্রজন্মের সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনরা। একই সঙ্গে আবদুস সালামের নামে রাজধানীতে একটি সড়কের নামকরণের দাবি তুলেছেন তারা।
রবিবার (৩০ আগস্ট) আবদুস সালামের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) অডিটরিয়ামে এক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।
পিআইবি ও সাংবাদিক আবদুস সালাম স্মৃতি সংসদের যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আবদুস সালামকে সাহসী সাংবাদিকতার প্রতীক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আবদুস সালাম সারা জীবনই নিগ্রহের শিকার হয়েছেন। পাকিস্তানি সামরিক স্বৈরশাসক আইয়ুব খানের কঠোর সমালোচনা করে তিনি জেলে গেছেন। দেশে মৃদু গণতন্ত্র, স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদী শাসন থাকলেও তার ওপর নির্যাতন হয়েছে। কিন্তু শত আঘাতেও তিনি কর্তব্যকর্ম থেকে বিচ্যুত হননি।
নতুন প্রজন্মকে আবদুস সালামের জীবন থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, আজকের পৃথিবী যেভাবে গণতন্ত্রহীনতা ও যুদ্ধ-বিগ্রহে বিপন্ন হয়ে পড়েছে, সেখানে আবদুস সালামকে কেবল বাংলাদেশই নয়, গোটা বিশ্বেই প্রয়োজন। এ দেশের গণতন্ত্র ও স্বাধীনতা যদি আবারও বিপন্ন হয়ে পড়ে, তখনও তার মতো মানুষদের কথাই স্মরণে আসবে।
বর্তমান সরকার গণমাধ্যমের সমালোচনার প্রতি সহিঞ্চু বলে মন্তব্য করে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদুর রহমান বলেন, মত প্রকাশে সরকার উদার। ফ্যাক্টচেকিংয়ে দেখা গেছে, ১৮০ দিনে ৪৬৪টি অপতথ্য প্রচার করা হয়েছে। তিনি আরও বলেন, আবদুস সালাম সাংবাদিকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করার উদ্যোগ নিয়েছিলেন। সাংবাদিকদের দক্ষ করতে পিআইবির মতো প্রতিষ্ঠানের ডিজির দায়িত্বও পালন করেছেন তিনি।
আলোচকদের দাবির পরিপ্রেক্ষিতে আবদুস সালামের নামে ঢাকা নগরীর একটি সড়কের নামকরণ করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম।
ভাষা সৈনিক সাংবাদিক আবদুস সালামের কন্যা রেহানা সালাম বলেন, আমার বাবাকে মনে রাখার দায় আমার তবে সাংবাদিক আবদুস সালামকে মনে রাখার দায় শুধু আমার নয়। এই মঞ্চে দাঁড়িয়ে নিঃশ্বাস নিচ্ছি এই ভেবে, দেশ এখনো তার মেধাবী সন্তানদের ভুলে যায়নি।
বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও সাংবাদিক আবদুস সালাম স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক লোটন একরাম পিআইবির অডিটরিয়ামকে সাংবাদিক আবদুস সালামের নামে করার প্রস্তাব করেন। একই সঙ্গে একটি রাজপথ তার নামে যেন করা হয় সে প্রত্যাশা ব্যক্ত করেন।
পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, আমাদের বোর্ডসভায় পিআইবি থেকে আবদুস সালামের নামে সাংবাদিকদের একটি পদক দেয়ার উদ্যোগ নেয়া হবে।
টেলিভিশন এডিটরস কাউন্সিলের আহ্বায়ক ড. আবদুল হাই সিদ্দিক বলেন, গত ফ্যাসিস্ট আমলে গুটিকয়েক ব্যক্তির লেজুরভিত্তির জন্য এ পেশায় আমরা পরিচয় দিতে লজ্জাবোধ করি।
টেলিভিশন এডিটরস কাউন্সিলের সদস্য সচিব সৈয়দ জুবায়ের আহমেদ বাবু বলেন, বিগত দিনে অনেক গণমাধ্যম গণঅদমে পরিণত হয়েছিল, যা থেকে বের হওয়ার সুযোগ এসেছে।
জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া বলেন, সাংবাদিকতা চ্যালেঞ্জিং জেনেও আবদুস সালামের পরিবার-স্বজনরা এ পেশায় এসেছেন। তিনি তোপখানা রোডটি আবদুস সালামের নামে নামকরণের প্রস্তাব করেন।
বাসসের এমডি কাদের গণি চৌধুরী বলেন, সাংবাদিকতার বাতিঘর ছিলেন তিনি। সাহস প্রজ্ঞার মাধ্যমে দৃষ্টান্ত দেখিয়েছেন। গত ১৭ বছর দাসত্বের সাংবাদিকতা দেখেছি। তাই নতুন প্রজন্মের অনুপ্রেরণা হতে পারে আবদুস সালাম।
দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ বলেন, দেশের সাংবাদিক জগতে কিছু নক্ষত্র ছিলেন, যার অন্যতম আবদুস সালাম।
সিপিডির ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, বিভিন্নভাবে সড়কের নামকরণের দাবি উঠেছে নিশ্চয়ই সরকার বিবেচনা করবে। অদৃশ্যভাবেও উনার অবদান আছে। সাংবাদিক-অর্থনীতিবিদরা সমালোচনা করবেন, এটাকে ইতিবাচক ধরে সরকারকে এগিয়ে যেতে হবে।
আলোচনা সভার শুরুতেই সাংবাদিক আবদুস সালাম ও পিআইবির ৫০ বছর নিয়ে পৃথক প্রামাণ্য চিত্র দেখানো হয়।