প্রতীকী ছবি
ঢাকার হাজারীবাগে লিফটে ওঠার সময় দরজার সঙ্গে মাথায় আঘাত পেয়ে সুভাষ চন্দ্র পাল (৭৩) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।
হাজারীবাগের টালি অফিস মোড়ের সুলতানগঞ্জ এলাকা ২৫৫/২ নম্বর বাসায় রবিবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হলে সকাল সাড়ে আটটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুভাষ চন্দ্র পাল ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের ছেলে কৃষ্ণ গোপাল পাল বলেন, “আমার বাবা প্রতিদিনের মতো বাসা থেকে হাঁটার উদ্দেশ্যে সকালে বের হন, হাঁটা শেষে বাসায় ফিরে লিফটে করে সপ্তম তলায় নিজ ফ্ল্যাটের যাওয়ার সময় অসাবধানতাবশত পড়ে গিয়ে লিফটের দরজার সাথে মাথায় আঘাত পান। পরে গুরুতর আহত অবস্থায় দ্রুত ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন”।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।