প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ ১৬:২৫ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৬ ১৬:২৯ পিএম
ঢাকা মেট্রোপলিটন পুলিশ লোগো। ফাইল ছবি
ঢাকার গুলশানে নিজেকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সহকারী পরিচালক পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে মো. সাইদুর রহমান নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়েছে।
এর আগে শনিবার রাতে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, শনিবার দুপুর সোয়া ১২টার দিকে গুলশান থানার ২ নম্বর গেট সংলগ্ন ‘আবে হায়াত’ ভবনের সামনে সাইদুর রহমান তার মোটরসাইকেলটি পার্ক করেন। সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা মোটরসাইকেলটি সরাতে বললে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় তিনি নিজেকে ডিজিএফআইয়ের সহকারী পরিচালক পরিচয় দেন এবং দাবি করেন যে সেখানে নিয়মিত তাদের গাড়ি রাখা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই দিন সন্ধ্যা সোয়া ৭টার দিকে সাইদুর রহমান আবারও সেই একই জায়গায় মোটরসাইকেল পার্ক করতে যান। তখন সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তার পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে সাইদুর স্বীকার করেন যে তিনি ডিজিএফআইয়ের কোনো কর্মকর্তা বা সদস্য নন।
ডিএমপি জানিয়েছে, ভুয়া পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টার অভিযোগে সাইদুর রহমানকে আটক করা হয়েছে। এ ঘটনায় রাজধানীর গুলশান থানায় তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা করা হয়েছে।