প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ ১৬:৫৭ পিএম
কুর্মিটোলা হাসপাতালে শনিবার হারিয়ে যাওয়া শিশুকে মা-বাবার কাছে ফেরাল আনসার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে হারিয়ে যাওয়া পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে তার মা-বাবার কাছে ফিরিয়ে দিয়েছে আনসার সদস্যরা।
হাসপাতাল চত্বরে শনিবার দুপুরে এই ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্র জানায়, শনিবার সকালে নারায়ণগঞ্জ থেকে পরিবারের সঙ্গে কুর্মিটোলা হাসপাতালে আসে শিশু আলমগীর। একপর্যায়ে ভিড়ের মধ্যে সে তার মা-বাবার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। শিশুটিকে একা ও আতঙ্কিত অবস্থায় ঘোরাঘুরি করতে দেখে হেফাজতে নেন সেখানে দায়িত্বরত আনসার সদস্য মো. সাইফুল ইসলাম।
পরে সাইফুল ইসলাম শিশুটিকে আগলে রেখে তার অভিভাবকদের সন্ধান শুরু করেন। দীর্ঘ খোঁজাখুঁজির পর হাসপাতাল কর্তৃপক্ষের উপস্থিতিতে যাচাই শেষে আলমগীরকে তার মা-বাবার কাছে হস্তান্তর করা হয়।
সন্তানকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মা-বাবা। তারা আনসার বাহিনীর এই দায়িত্বশীলতা ও ত্বরিত পদক্ষেপের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। হাসপাতালে নিরাপত্তার পাশাপাশি এ ধরনের মানবিক সেবা আনসার বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বাড়িয়ে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।