পুরান ঢাকার লক্ষ্মীবাজার থেকে শুক্রবার বিকালে শুরু হওয়া শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগর ভবনে গিয়ে শেষ হয়। ছবি: ফোকাস বাংলা
‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে ঢাকার ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ঢাকা শোভাযাত্রা’।
পুরান ঢাকার লক্ষ্মীবাজার থেকে শুক্রবার বিকালে শুরু হওয়া শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগর ভবনে গিয়ে শেষ হয়। এতে হাজারো মানুষ অংশ নেয়।
ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে হৃদয়ে ঢাকা শোভাযাত্রার উদ্বোধন করেন। ছবি: ফোকাস বাংলাশোভাযাত্রায় ঢাকার প্রত্নতাত্ত্বিক স্থাপনা, ঐতিহ্যবাহী সংস্কৃতি, খাবার, বাহন ও নগরজীবনের নানা অনুষঙ্গ বড় ক্যানভাসে তুলে ধরা হয়।
প্রদর্শিত স্থাপনাগুলোর মধ্যে ছিল লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, কেন্দ্রীয় শহিদ মিনার, লালকুঠি, তারা মসজিদ, ঢাকেশ্বরী মন্দির, বৌদ্ধমন্দির ও ঐতিহ্যবাহী ঢাকা গেট।
শোভাযাত্রায় ঢাকার পত্তন ও বিকাশে অবদান রাখা ঐতিহাসিক ব্যক্তিত্বদেরও রূপায়ণ করা হয়। রানী ভিক্টোরিয়া, নবাব খাজা আহসানউল্লাহ, নীলারাগ (রায়), নিকোলাস পোগোজ, জিন্নাবাই ও পরিবিবির আদলে সাজেন অংশগ্রহণকারীরা।

পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাদ্য-সংস্কৃতির প্রতীক হিসেবে বাকরখানি, নান্না বিরিয়ানি ও বিউটি লাচ্ছির প্রতিকৃতিও প্রদর্শন করা হয়।
এ ছাড়া অতীতের যাতায়াত ব্যবস্থার স্মৃতিবাহী স্টিমার, ঘোড়ার গাড়ি ও পালকির প্রদর্শনী ছিল শোভাযাত্রার অন্যতম আকর্ষণ।
নগর ভবনে শোভাযাত্রা শেষে গণমাধ্যমের উদ্দেশে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, ঢাকার প্রতি নাগরিকদের ভালোবাসা, মমত্ব ও দায়িত্ববোধ জাগ্রত করতেই আমাদের এই আয়োজন। ঢাকার ইতিহাস-ঐতিহ্যকে নগরবাসী ও বিশ্ববাসীর সামনে তুলে ধরতে আমরা মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের সূচনা করেছি।
নগরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য ডিএসসিসির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।