ঢাকার মোহাম্মদপুর থানা। ছবি: বিবিসি বাংলা
ঢাকার মোহাম্মদপুরে ত্রিভূজ প্রেমের জেরে এক প্রবাসীকে কুপিয়ে আহত করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন শান্ত ও বিল্লাল ওরফে কালা বিল্লাল।
মোহাম্মদপুর থানায় শুক্রবার এক সংবাদ সম্মেলনে ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে এডিসি জুয়েল রানা জানান, মোহাম্মদপুর লিমিটেড এলাকায় এক যুবককে কুপিয়ে আহত করার ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন।
তিনি জানান, মামলায় মোহাম্মদপুরের কিশোরগ্যাং চক্রের চার সদস্যের নাম উল্লেখ করা হয়। তার হলেন মুন্না ওরফে ক্যাপ্টেন মুন্না, রাসেল ওরফে আন্ডা রাসেল, বিল্লাল ওরফে কালা বিল্লাল ও গাঢ়কাটা সাইফুল।
এছাড়াও, কয়েকজনে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে ইতোমধ্যে দুইজন কিশোরগ্যাং সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও জানান, এর মধ্যে বিল্লাল ওরফে কালা বিল্লালকে বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
ঘটনার নেপথ্যে মূলত ত্রিকোণ প্রেমের টানাপোড়েন কাজ করেছে দাবি করে এডিসি জুয়েল রানা বলেন, আসামিদের গ্রেপ্তারের পর আমরা জানতে পারি, আহত প্রবাসী লস্কর হৃদয় কয়েক বছর আগে মোসা. হাফসা আক্তারকে বিয়ে করেন। বিয়ের কিছু দিন পর ‘ক্যাপ্টেন মুন্না’ নামে এক কিশোর গ্যাং লিডারের সঙ্গে হাফসার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে হাফসা মুন্নার সঙ্গে পালিয়ে গিয়ে তাকে বিয়ে করেন।
তিনি আরও জানান, এর তিন বছর পর হৃদয় সৌদি আরবে চলে যান। তবে দেশ ছাড়লেও হাফসার সঙ্গে তার যোগাযোগ ও গোপন সম্পর্ক অব্যাহত থাকে। বিষয়টি জানতে পেরে মুন্না ফোন করে হৃদয়কে হাফসার সঙ্গে কথা বলতে নিষেধ এবং নানা রকম হুমকি দেন। তা সত্ত্বেও তারা যোগাযোগ বজায় রাখেন।
সম্প্রতি হৃদয় ছুটি কাটাতে দেশে ফেরেন। এই খবর পেয়ে গত সোমবার মুন্না হৃদয়কে ডেকে নিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। দেশে আসার মাত্র তিন দিনের মাথায় এ হামলার শিকার হন তিনি। বর্তমানে তিনি আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান এডিসি।