প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬ ১৮:০৫ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৬ ১৮:০৬ পিএম
সংস্কারকাজ শেষ হওয়ার পর খুলে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ কামরাঙ্গীরচর লোহার ব্রিজ। ছবি: ডিএসসিসি
নিজস্ব অর্থায়নে মাত্র ২৫ দিনে সংস্কারকাজ সম্পন্ন করে পুনরায় খুলে দেওয়া হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) গুরুত্বপূর্ণ কামরাঙ্গীরচর লোহার ব্রিজ।
ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম শুক্রবার প্রধান অতিথি হিসেবে ব্রিজটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান।
সংস্কারের পর ব্রিজটি এখন থেকে শুধু পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছে ডিএসসিসি।
১৪৫ মিটার দীর্ঘ ও ৪.২ মিটার প্রশস্ত কামরাঙ্গীরচর লোহার ব্রিজটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় থাকায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। দ্রুততম সময়ে সংস্কারকাজ সম্পন্ন হওয়ায় এখন ব্রিজটি দিয়ে নিরাপদে চলাচলের সুযোগ তৈরি হয়েছে।

ডিএসসিসি সূত্র জানায়, প্রতিদিন প্রায় ৭০ হাজার মানুষ ব্রিজটি ব্যবহার করে। সংস্কারের ফলে কামরাঙ্গীরচর এলাকার বিপুলসংখ্যক নাগরিক উপকৃত হবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, নগরবাসীর যাতায়াতকে আরও সহজ, নিরাপদ ও নির্বিঘ্ন করতে সিটি করপোরেশন বদ্ধপরিকর। নিজস্ব অর্থায়নে রেকর্ড সময়ের মধ্যে কামরাঙ্গীরচর লোহার ব্রিজের সংস্কারকাজ সম্পন্ন করা তারই একটি প্রমাণ।
তিনি আরও বলেন, কামরাঙ্গীরচরের ঐতিহ্যবাহী এ ব্রিজটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা হবে। এ লক্ষ্যে আট লেন প্রকল্প সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রশাসক আরও ঘোষণা করেন, সংস্কারের পর থেকে ব্রিজটি কেবল পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত থাকবে। এর ফলে ব্রিজটির ওপর যানবাহনের চাপ কমার পাশাপাশি পথচারীদের নিরাপত্তা ও চলাচলের সুবিধা নিশ্চিত হবে।
অনুষ্ঠানে ডিএসসিসির অঞ্চল-৩-এর নির্বাহী প্রকৌশলী আহসান হাবীবসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।