প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের নেতৃত্বে বুধবার আশুলিয়া ল্যান্ডিং স্টেশন থেকে নৌপথে নারায়ণগঞ্জ নদীবন্দর পর্যন্ত সরেজমিনে পরিদর্শন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাজধানীর চারপাশের নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনার লক্ষ্যে গঠিত কেন্দ্রীয় সেল ঢাকার বৃত্তাকার নৌপথ সরেজমিনে পরিদর্শন করেছে।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের নেতৃত্বে বুধবার আশুলিয়া ল্যান্ডিং স্টেশন থেকে নৌপথে নারায়ণগঞ্জ নদীবন্দর পর্যন্ত এ পরিদর্শন পরিচালনা করা হয়।
পরিদর্শনকালে বুড়িগঙ্গা নদী, তুরাগ, ধলেশ্বরী, বালু ও শীতলক্ষ্যা নদীর তীরবর্তী বিভিন্ন স্থাপনা ও নৌপথের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করা হয়। বিশেষ করে নদীর দুই পাড়ের ওয়াকওয়ে, ল্যান্ডিং স্টেশন, ওয়াটার বাস স্টেশন, যাত্রী ওঠানামার স্থান এবং নদীতীরবর্তী বিভিন্ন অবকাঠামো পরিদর্শন করেন কেন্দ্রীয় সেলের সদস্যরা।
পরিদর্শন দলের সদস্যরা আশুলিয়া ল্যান্ডিং স্টেশন, গাবতলী ল্যান্ডিং স্টেশন ও বছিলা লঞ্চঘাটসহ বৃত্তাকার নৌপথের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থান ঘুরে দেখেন। একই সঙ্গে নদীর তীরবর্তী বিভিন্ন কার্যক্রম এবং নৌপথের বর্তমান অবস্থাও পর্যবেক্ষণ করা হয়।
পরিদর্শনে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এবং প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) বিজন কান্তি সরকার উপস্থিত ছিলেন।
এ ছাড়া পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ কে এম শাহাবুদ্দিন, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানমসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন দলে ছিলেন।
কেন্দ্রীয় সেল সূত্রে জানা যায়, রাজধানীর চারপাশের নদ-নদী ও সংযুক্ত খাল, নালা, শিল্প ও গৃহস্থালি বর্জ্য নিঃসরণের স্থান, অবৈধ ও অননুমোদিত ড্রেন এবং অন্যান্য দূষণের উৎস চিহ্নিত করে তা নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে নদী ও খালের নাব্যতা এবং পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা, বর্জ্য অপসারণ, নদী পুনরুদ্ধার এবং দীর্ঘমেয়াদে পরিবেশ সংরক্ষণে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত ১৮ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ‘রাজধানী ঢাকার চারপাশের নদীসমূহের দূষণ নিয়ন্ত্রণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনা’ শীর্ষক কার্যক্রমের জন্য একটি কেন্দ্রীয় সেল ও এর অধীনে তিনটি সাব-কমিটি গঠন করা হয়।
কেন্দ্রীয় সেল সংশ্লিষ্ট নদী, খাল, নালা ও ড্রেনের দূষণ নিয়ন্ত্রণ ও সংরক্ষণ কার্যক্রমে নীতিনির্ধারণ, প্রয়োজনীয় নির্দেশনা, আন্তমন্ত্রণালয় সমন্বয় এবং সার্বিক তদারকির দায়িত্ব পালন করবে।
পরিদর্শন শেষে কেন্দ্রীয় সেলের সদস্যরা নারায়ণগঞ্জ নদীবন্দরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে রাজধানীর চারপাশের নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণ, নাব্যতা রক্ষা, পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিতকরণ, অবৈধ দখল ও দূষণের উৎস নিয়ন্ত্রণ এবং নদীকেন্দ্রিক পরিবেশ ও নৌযোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।
কেন্দ্রীয় সেলের সদস্যরা জানান, সরেজমিন পরিদর্শনের মাধ্যমে নদ-নদীর বর্তমান অবস্থা ও বিদ্যমান সমস্যাগুলো সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা পাওয়া গেছে। সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে নদী পুনরুদ্ধার ও দীর্ঘমেয়াদি সংরক্ষণ কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হবে।