× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সায়েদাবাদে এসি বাসের আলাদা টার্মিনালের উদ্যোগ ডিএসসিসির

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬ ১৮:০৩ পিএম

আপডেট : ২৫ আগস্ট ২০২৬ ১৯:২৫ পিএম

নগর ভবনে মঙ্গলবার ‘সায়েদাবাদ এসি বাস টার্মিনাল ব্যবস্থাপনা’ নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি: ডিএসসিসি

নগর ভবনে মঙ্গলবার ‘সায়েদাবাদ এসি বাস টার্মিনাল ব্যবস্থাপনা’ নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি: ডিএসসিসি

রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে এসি বাসের কাউন্টারগুলো এক জায়গায় আনতে আধুনিক সুবিধাসম্পন্ন টার্মিনাল তৈরির উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

নগর ভবনে মঙ্গলবার ‘সায়েদাবাদ এসি বাস টার্মিনাল ব্যবস্থাপনা’ নিয়ে অনুষ্ঠিত সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। 

সড়কের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা এসি বাসের কাউন্টার থেকে যানজট সৃষ্টি হওয়ায় সায়েদাবাদ বাস টার্মিনালের আধুনিকায়নের জন্য নতুন নকশা করা হয়েছে। টার্মিনালের ভেতরে অতিরিক্ত জায়গা নির্ধারণ, নতুন কাউন্টার শেড নির্মাণ, প্রবেশপথ ও ওয়াকওয়ে সম্প্রসারণসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও বাস মালিক সমিতির সঙ্গে আলোচনা করে নকশাটি প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে ডিএসসিসি।

ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলমসহ সংশ্লিষ্টরা।

সভায় সিদ্ধান্ত হয়, টার্মিনালের ভেতরে পুরোনো মোটর গ্যারেজের জায়গায় নির্মীয়মাণ ভবনটি সম্প্রসারণ করে সেখানে এসি বাসের কাউন্টার স্থাপনের উপযোগী করা হবে। পাশাপাশি এসি বাস কাউন্টারের প্রবেশপথ প্রশস্ত করা হবে। যাত্রীদের নির্বিঘ্ন চলাচলের জন্য ওয়াকওয়ে ও পার্কিং শেড নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

এ ছাড়া খুলনা বিভাগীয় কাউন্টার শেডের দক্ষিণ পাশে একই ধরনের আরও একটি কাউন্টার শেড নির্মাণ করা হবে। বর্ষাকালে যেসব কাউন্টার শেডে বৃষ্টির পানি ঢোকে, সেসব স্থানে পানি প্রবেশ ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে। টার্মিনালের অভ্যন্তরীণ ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও যাত্রীদের বসার জন্য পর্যাপ্ত বেঞ্চ নির্মাণের সিদ্ধান্তও হয়েছে।

সভায় ডিএসসিসি প্রশাসক দ্রুত এসব কাজ বাস্তবায়নের নির্দেশ দেন। তবে প্রচলিত দরপত্র প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নে সময় লাগতে পারে বলে সভায় জানানো হয়। এ কারণে দ্রুত কাজ শুরুর জন্য বাস মালিক সমিতিকে স্বল্প সময়ে বাস্তবায়নযোগ্য একটি প্রস্তাব তৈরি করে জমা দিতে বলা হয়েছে।

ডিএসসিসির দাবি, এসি বাসের কাউন্টারগুলো টার্মিনালকেন্দ্রিক করা গেলে সড়কের বিভিন্ন স্থানে বাস দাঁড়ানো ও যাত্রী ওঠানামার প্রবণতা কমবে। এতে সায়েদাবাদ এলাকার যান চলাচলে শৃঙ্খলা ফেরার পাশাপাশি যাত্রীদের ভোগান্তিও কমতে পারে। তবে পরিকল্পনাটি বাস্তবায়নে অর্থায়ন, কাজের ধরন, সময়সীমা ও দরপত্রের প্রক্রিয়া কী হবে, এসব বিষয়ে সভায় বিস্তারিত জানানো হয়নি।

এদিকে পুরান ঢাকার বাদামতলী মার্কেট সংলগ্ন সব অবৈধ পার্কিং ও অবৈধ দোকানপাট উচ্ছেদে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যও সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা