× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৈধতার দাবিতে স্লিপার বাস মালিকদের সড়ক অবরোধ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ ২০:১৭ পিএম

স্লিপার বাসের বৈধতা ও চলাচলের অনুমোদনের দাবিতে রবিবার ঢাকার বনানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বাস মালিক ও শ্রমিকেরা। ছবি:  ফোকাজ বাংলা

স্লিপার বাসের বৈধতা ও চলাচলের অনুমোদনের দাবিতে রবিবার ঢাকার বনানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বাস মালিক ও শ্রমিকেরা। ছবি: ফোকাজ বাংলা

অবৈধ স্লিপার বাসের বৈধতা ও চলাচলের অনুমোদনের দাবিতে ঢাকার বনানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বাস মালিক ও শ্রমিকেরা। 

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সদর দপ্তরের সামনের সড়কে রবিবার দুপুরে এই কর্মসূচি পালন করা হয়।

দুপুর একটার পর ‘বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতি’র ব্যানারে নেতাকর্মীরা বনানী সেতু ভবনের সামনের সড়কে অবস্থান নেন। এতে বনানী থেকে মহাখালীমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক মহাখালী জোনের সহকারী পুলিশ কমিশনার ইশরাকুল কবীর বলেন, স্লিপার বাসের মালিক ও কর্মচারীরা তাদের বাস চলাচলের অনুমোদনের দাবিতে বিআরটিএ কার্যালয়ের সামনের সড়কে আন্দোলন করেন।

আন্দোলন চলাকালে মালিক সমিতির নেতারা তাদের দাবিগুলো তুলে ধরেন। তাদের প্রধান দাবি হলো—আদালতের চূড়ান্ত নিষ্পত্তির আগে স্লিপার বাসের বিরুদ্ধে কোনো বলপ্রয়োগ বা নিষেধাজ্ঞা আরোপ না করা, এ খাতে বিনিয়োগ ও শ্রমিকদের কর্মসংস্থান সুরক্ষা করা, আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে স্লিপার বাস পরিচালনায় সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, ফিটনেস ও রুট পারমিট সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধান, আইনি প্রক্রিয়া চলাকালে অযৌক্তিক জরিমানা, তল্লাশি ও গাড়ি আটক বন্ধ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বিআরটিএর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে স্লিপার বাসকে একটি কার্যকর নিয়ন্ত্রক কাঠামোর আওতায় আনা। 

স্লিপার বাস বন্ধ না করে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে এর কারিগরি ও নিরাপত্তাবিষয়ক কাঠামো নির্ধারণের জন্য বিআরটিএর কাছে নীতিমালা প্রণয়নের প্রস্তাব দিয়েছে মালিক সমিতি। একই সঙ্গে ফিটনেস ও রুট পারমিট সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধানের দাবিও জানিয়েছে তারা।

সমিতির নেতারা জানান, স্লিপার বাস খাতে শত শত কোটি টাকা বিনিয়োগ রয়েছে। এ ছাড়া চালক, হেলপার, সুপারভাইজার ও মেকানিকসহ হাজার হাজার শ্রমিকের জীবিকা এ খাতের ওপর নির্ভরশীল। স্লিপার বাস চলাচল নিয়ে হাইকোর্টে রিট পিটিশন নং-১২৯০/২০২৫ বিচারাধীন রয়েছে। তাই মামলার চূড়ান্ত নিষ্পত্তির আগে স্লিপার বাসের বিরুদ্ধে বলপ্রয়োগ বা নিষেধাজ্ঞা আরোপ না করার আহ্বান জানান। 

সমিতির নেতারা বলেন, তারা আইন ও সরকারি নিয়মকানুন মেনে চলতে প্রস্তুত, তবে অংশীজন ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে একটি কার্যকর নিয়ন্ত্রক কাঠামো তৈরির দাবি তাদের। স্মারকলিপি জমা দেন সংগঠনের সভাপতি আফতাব উদ্দিন মাসুদ, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু সহ আরো কয়েকজন। 

এ সময় সড়কে ভোগান্তিতে পড়েন বনানী থেকে মহাখালীগামী গাড়িগুলোর যাত্রীরা। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা