প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৬ ২১:৩৫ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৬ ২১:৩৭ পিএম
রাজধানীর মৌচাক এলাকায় ৯০ পিস ইয়াবাসহ মো. ইসমাইল হোসেন প্রধানিয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: ভিডিও থেকে নেওয়া
রাজধানীর মৌচাক এলাকায় ৯০ পিস ইয়াবাসহ মো. ইসমাইল হোসেন প্রধানিয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের দাবি, তিনি রমনা থানার পলাতক আসামি। মাদক ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ইসমাইল হোসেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রমনা থানা শাখার নেতা।
রমনা মডেল থানার উপপরিদর্শক উজ্জ্বল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতে দেওয়া পুলিশের প্রতিবেদনে বলা হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১) সারণির ১০ (ক) ধারায় রমনা মডেল থানায় দায়ের করা মামলায় ইসমাইলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর আবেদন করা হয়েছে।
মামলার নথি অনুযায়ী, ইসমাইলের বাড়ি চাঁদপুরের কচুয়া থানার নুরপুর এলাকায়। তার বাবা মৃত আব্দুল জলিল এবং মা চন্দ্রবান বেগম। তিনি ঢাকার রমনা থানার ফকির অ্যাপার্টমেন্ট এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানায়, শুক্রবার ২১ আগস্ট দুপুর ১২টা ১৫ মিনিটে মৌচাক শপিংমলের সামনে অভিযান চালিয়ে ইসমাইলকে আটক করা হয়। পরে তার প্যান্টের পেছনের বাম পকেট থেকে নীল পলিথিনের জিপারে থাকা ৯০ পিস কমলা রঙের ইয়াবা উদ্ধার করা হয়। প্রতিটি ইয়াবার ওজন আনুমানিক ০.১০ গ্রাম; মোট ওজন প্রায় ৯ গ্রাম এবং আনুমানিক মূল্য ২৭ হাজার টাকা।
এসআই উজ্জ্বল হোসেন বলেন, টহলরত অবস্থায় ফরচুন শপিং সেন্টারের সামনে হট্টগোলের খবর পেয়ে সেখানে গিয়ে ইসমাইলকে দেখতে পান। পরে তাকে আটক করা হয়। তিনি জানান, ইসমাইল তাদের থানার পলাতক আসামি।