প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৬ ১৮:৫৫ পিএম
প্রতীকী ছবি
অপরিকল্পিত নগরায়ন, জলাশয়ের স্বল্পতা এবং যানবাহনে জীবাশ্ম জ্বালানির ব্যাপক ব্যবহার, সব মিলিয়ে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে রাজধানী ঢাকা। নগরায়নের বিস্তারের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কংক্রিটের ব্যবহার, কমছে সবুজ ও জলাভূমি। ফলে ঢাকা ধীরে ধীরে ‘হিট আইল্যান্ডে’ পরিণত হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সবুজায়ন, জলাশয় বৃদ্ধি, পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর ব্যবহার, নবায়নযোগ্য জ্বালানি ও আধুনিক শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. আবু নাসের চৌধুরী বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, দ্রুত নগরায়ন এবং অনিয়ন্ত্রিত ও অপরিকল্পিত যানবাহনের ব্যবহার রাজধানীর উষ্ণতা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ। তার দাবি, অনিয়ন্ত্রিত ও অপরিকল্পিত যানবাহন থেকেই কার্বন ডাই-অক্সাইডের ৫৬ শতাংশ নির্গত হয়।
তিনি বলেন, যানবাহন নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রয়োজন। জ্বালানি তেলের বিকল্প হিসেবে বৈদ্যুতিক, ব্যাটারি ও হাইব্রিড গাড়ির ব্যবহার বাড়াতে হবে। এ ক্ষেত্রে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মধ্য ও দীর্ঘ মেয়াদে প্রচলিত গাড়ির ব্যবহার কমানোর ওপরও জোর দিতে হবে।
দ্রুত নগরায়নের ফলে রাজধানীতে সুউচ্চ ভবন বাড়ছে উল্লেখ করে আবু নাসের চৌধুরী বলেন, নির্মাণে ব্যবহৃত ফায়ার ব্রিকসের ব্যবহার শূন্যের কোঠায় নামিয়ে এনে সলিড ব্লক, হলো ব্লক ও নন-ফায়ার ব্রিকসের ব্যবহার বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে প্রচলিত কাচের পরিবর্তে ডাবল গ্লেজড ইউনিট (ডিজিইউ), স্যান্ডউইচ ও টেম্পার্ড গ্লাস ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব কাচে তাপ বিকিরণ তুলনামূলক কম হওয়ায় ভবনের ভেতর ও আশপাশের তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়ক হবে।
রাজধানীর সরকারি-বেসরকারি অফিস ও আবাসিক ভবনে প্রচলিত স্প্লিট ও উইন্ডো এসির পরিবর্তে ভিআরএফ (ভ্যারিয়েবল রেফ্রিজারেন্ট ফ্লো) ও চিলার ব্যবহারের কথাও বলেন তিনি। পাশাপাশি সড়ক বিভাজক, ফুটপাত ও নতুন স্থাপনার আশপাশে ল্যান্ডস্কেপিং ও আরবরিকালচারের মাধ্যমে সবুজায়ন এবং সুউচ্চ ভবনে ছাদবাগানের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তার মতে, ঢাকায় ছোট ছোট পুকুর, লেক ও জলাশয়ের সংখ্যা বাড়াতে হবে। এসব জলাশয়ের যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা গেলে নগরীর পমাত্রা কমার পাশাপাশি বসবাসের উপযোগিতাও বাড়বে।
গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সমন্বয়) সুমন চাকমা জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। চলতি বছরের আগস্ট পর্যন্ত গণপূর্ত মেট্রোপলিটন জোনে ৫ লাখ ৬২ হাজার গাছ লাগানোর লক্ষ্য রয়েছে। এর মধ্যে আরবরিকালচার গণপূর্ত বিভাগে ৫ লাখ ৫২ হাজার এবং অন্যান্য গণপূর্ত বিভাগে ১০ হাজার।
১৬ আগস্ট পর্যন্ত আরবরিকালচার গণপূর্ত বিভাগে ২২ হাজার ৩৯২টি এবং এস বি নগর গণপূর্ত বিভাগের জোন-৩-এ ১৫০টি গাছ লাগানো হয়েছে। গণপূর্ত ঢাকা জোনে আগস্ট পর্যন্ত ১০ হাজারের লক্ষ্যের বিপরীতে ইতোমধ্যে ৫ হাজার ৩৩৯টি গাছ রোপণ করা হয়েছে। এসবের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছ রয়েছে।
সুমন চাকমা জানান, কার্বন নিঃসরণ কমাতে প্রচলিত বিদ্যুতের পাশাপাশি সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা গণপূর্ত ই/এম বিভাগের উদ্যোগে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে ৪ হাজার ৬২২ দশমিক ৪৮ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে।
গণপূর্ত বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ই/এম) আশ্রাফুল হক বলেন, সরকারি-বেসরকারি অফিস, আদালত ও বাসাবাড়িতে ব্যবহৃত এসি ও ফ্রিজ সিএফসি মুক্ত হওয়া জরুরি। বর্তমানে দেশে ব্যবহৃত এসব যন্ত্রপাতি সিএফসি মুক্ত হওয়ায় ওজোন স্তরের ক্ষতির আশঙ্কা অনেকটাই কমেছে।
তিনি বলেন, তেল, গ্যাস ও ক্রুড অয়েলনির্ভর বিদ্যুৎ উৎপাদন থেকে কার্বন নিঃসরণ হয়। তাই সৌর, বায়ু ও জলবিদ্যুতের মতো নবায়নযোগ্য উৎসের ব্যবহার বাড়াতে হবে।
গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী বলেন, ঢাকাকে বসবাস উপযোগী করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে অধিদপ্তর। প্রকৃতি ও পরিবেশবান্ধব সবুজ নগর হিসেবে সিঙ্গাপুর, সিউল ও টোকিওর আদলে ঢাকাকে গড়ে তোলার লক্ষ্যেই এগোচ্ছে সরকার।