নির্মাণাধীন ভবনে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা পাওয়ায় এক নির্মাতা প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। একই অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও ফুটপাতে অবৈধ পার্কিংয়ের দায়ে আরও দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নির্মাণাধীন ভবনে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা পাওয়ায় এক নির্মাতা প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। একই অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও ফুটপাতে অবৈধ পার্কিংয়ের দায়ে আরও দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
নাগরিক সেবার মান নিশ্চিত করতে এখন থেকে প্রতি সপ্তাহে অন্তত একদিন ডিএসসিসির বিভিন্ন এলাকায় আকস্মিক পরিদর্শনে যাওয়ার ঘোষণা দিয়েছেন সংস্থাটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
রাজধানীর সায়েন্সল্যাব ও সিটি কলেজ এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ, সড়কবাতি, রাজস্ব আদায় ও ফুটপাত দখলমুক্তকরণসহ নাগরিক সেবার বিভিন্ন বিষয় তদারকিতে বুধবার সকালে সমন্বিত অভিযান পরিচালনা করে ডিএসসিসি। অভিযানে সিটি করপোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা অংশ নেন। পাশাপাশি তিন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে নির্মাণাধীন ভবনে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা পাওয়ায় ‘এ এইচোসাইন বিল্ডার’কে দণ্ডবিধির ২৬৯ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে ‘রসুই’ রেস্তোরাঁকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় ১০ হাজার টাকা এবং ফুটপাতে অবৈধ পার্কিংয়ের দায়ে ধানমন্ডির পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে ডিএসসিসি প্রশাসক বিভিন্ন ফুটপাত, স্থাপনা ও ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় ট্রেড লাইসেন্সও পরীক্ষা করা হয়। ফুটপাত দখল করে বসানো কয়েকটি ভ্রাম্যমাণ দোকান বাজেয়াপ্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
অভিযান শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মো. আবদুস সালাম বলেন, নগর ভবনে বসে থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মতো বিশাল এলাকা কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব নয়। এ কারণে অঞ্চলভিত্তিক গণশুনানি চালু করা হয়েছে। সরাসরি এলাকায় গিয়ে নাগরিকদের সমস্যার কথা শোনা হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, গত পাঁচ মাস ধরে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও নাগরিক উভয় পক্ষকেই সচেতন হতে অনুরোধ করা হয়েছে। এখন মাঠে নেমে সরাসরি তদারকির সময় এসেছে।
প্রশাসক বলেন, “আজ থেকে প্রতি সপ্তাহে অন্তত একদিন আমি ডিএসসিসির যেকোনো এলাকায় হঠাৎ পরিদর্শনে যাব। সেখানে বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ, রাজস্ব, সড়কবাতি ও প্রকৌশলসহ সব সেবার মান যাচাই করা হবে। সেবাদানে কোনো বিভাগের বিন্দুমাত্র গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”
নাগরিকদের দায়িত্বের বিষয়েও সতর্ক করে তিনি বলেন, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা কিংবা পানি জমিয়ে এডিস মশার প্রজননের পরিবেশ তৈরি করলে আইন অনুযায়ী জরিমানা করা হবে।
নাগরিকদের সচেতনতা ও সিটি করপোরেশনের সমন্বিত কার্যক্রমের মাধ্যমে ঢাকা দক্ষিণকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।
জনস্বার্থে এ ধরনের সমন্বিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএসসিসি।