প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ ১৮:৩৪ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৬ ১৮:৫৯ পিএম
দেশের রাজনীতি নিয়ে লেখা ‘রাজনীতির সদরে-অন্দরে’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর সম্পাদক, লেখক ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান রচিত বইটি প্রকাশ করেছে সূচীপত্র প্রকাশনী।
প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান, বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
সূচীপত্রের প্রকাশক ও প্রধান নির্বাহী সাঈদ বারীর সভাপতিত্বে বইটি সম্পর্কে বক্তব্য তুলে ধরবেন গ্রন্থকার মারুফ কামাল খান।
এ ছাড়া আলোচনায় অংশ নেবেন প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, দৈনিক যুগান্তরের সম্পাদক ও কবি আবদুল হাই শিকদার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী।
‘রাজনীতির সদরে-অন্দরে’ বইটিতে রাজনীতির সদরে-অন্দর, ক্ষমতার উত্থান-পতন, সমাজের আলোচিত মানুষের প্রাসঙ্গিকতা ও দুর্বলতা এবং সাহিত্য-সংস্কৃতি ও সাংবাদিকতার সমকালীন চমকপ্রদ নানা খণ্ডচিত্র তুলে ধরা হয়েছে।
মারুফ কামাল খানের দীর্ঘ সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও বিশ্লেষণের আলোকে লেখা বইটির বিভিন্ন নিবন্ধে বাংলাদেশের রাজনীতি ও সমাজের নানা গুরুত্বপূর্ণ দিকের অন্তরালের ঘটনাপ্রবাহ ও ব্যক্তিচরিত্রের নানা দিক উঠে এসেছে।