বিআরটিসির ‘পিংক বাস’। ছবি: সংগৃহীত
ঢাকার সড়কে নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হচ্ছে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’।
নারী যাত্রীদের জন্য পৃথক এ বাস সার্ভিস মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।
সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ঢাকায় এ বিশেষ বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
পিংক বাস’ নামে পরিচিত এ সার্ভিসের অন্যতম বৈশিষ্ট্য হলো বাসগুলো নারী চালক ও নারী কন্ডাক্টর দিয়ে পরিচালিত হবে।
এর মাধ্যমে গণপরিবহনে নারীদের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি নারী যাত্রীদের জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
বিআরটিসি সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টায় ঢাকার তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে মহিলা বাস সার্ভিস পরিচালন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।
ঢাকার গণপরিবহনে প্রতিদিন বিপুলসংখ্যক নারী যাতায়াত করেন। কর্মজীবী নারী, শিক্ষার্থী, চাকরিপ্রার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারীদের দৈনন্দিন যাতায়াতের অন্যতম মাধ্যম গণপরিবহন।
তবে দীর্ঘদিন ধরেই গণপরিবহনে অতিরিক্ত ভিড়, আসন সংকট, নারী যাত্রীদের হয়রানি, অনাকাঙ্ক্ষিত আচরণ এবং নিরাপত্তাজনিত নানা অভিযোগ রয়েছে।
এসব বাস্তবতায় নারীদের জন্য পৃথক বাস সার্ভিস চালুর উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
বিআরটিসির নতুন এই সার্ভিস চালুর ফলে নারী যাত্রীরা একই ধরনের যাত্রীদের সঙ্গে তুলনামূলক স্বস্তিতে যাতায়াতের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।
বিশেষ করে অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতকারী নারীদের জন্য এ ধরনের বাস সার্ভিস কার্যকর ভূমিকা রাখতে পারে।
পাশাপাশি নারী চালক ও কন্ডাক্টর নিয়োগের মাধ্যমে পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগও বাড়বে।
গণপরিবহনে নারী চালকের সংখ্যা এখনো তুলনামূলকভাবে কম। ফলে নারী চালক ও কন্ডাক্টর দিয়ে বিশেষ বাস পরিচালনার এ উদ্যোগকে পরিবহন খাতে নারীর অংশগ্রহণ বাড়ানোর একটি নতুন দৃষ্টান্ত হিসেবেও বিবেচনা করা হচ্ছে।
এ উদ্যোগ সফল হলে ভবিষ্যতে গণপরিবহনের অন্যান্য ক্ষেত্রেও নারীদের আরও বেশি সম্পৃক্ত করার সুযোগ তৈরি হতে পারে।
এদিকে নারীদের জন্য পৃথক বাস সার্ভিস চালুর খবরের পর নারী যাত্রীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
বিশেষ করে গণপরিবহনে নিয়মিত যাতায়াতকারী কর্মজীবী ও শিক্ষার্থীরা নতুন সার্ভিসটি কীভাবে পরিচালিত হয়, কোন কোন রুটে চলবে এবং কী ধরনের সময়সূচি থাকবে, এসব বিষয়ে আগ্রহ দেখাচ্ছেন।
সরকারের নির্বাচনি ইশতেহারের অংশ হিসেবে নেওয়া এ উদ্যোগ ঢাকার গণপরিবহন ব্যবস্থায় নারীবান্ধব সেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নিয়মিত ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করা গেলে নতুন এই ‘পিংক বাস’নারী যাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিকল্প গণপরিবহন হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।