× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনুমোদন বাতিল করায় এমআরএ ঘেরাও কর্মসূচি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ ১২:৪৩ পিএম

আপডেট : ১৭ আগস্ট ২০২৬ ১৪:১২ পিএম

সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে সোমবার সকাল থেকে আগারগাঁওয়ে এমআরএর প্রধান কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করছেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর লোকজন। ছবি: ভিডিও থেকে

সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে সোমবার সকাল থেকে আগারগাঁওয়ে এমআরএর প্রধান কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করছেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর লোকজন। ছবি: ভিডিও থেকে

সাময়িক অনুমোদনের শর্ত ভঙ্গ করে অনুমোদনবহির্ভূত আর্থিক কার্যক্রম পরিচালনার অভিযোগে কয়েকটি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের অনুমোদন বাতিল করেছে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথোরিটি (এমআরএ)। 

এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে সোমবার সকাল থেকে আগারগাঁওয়ে সংস্থাটির প্রধান কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করছেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর লোকজন। 

এর আগে সোমবার থেকে বুধবার পর্যন্ত তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।

কর্মসূচিকে কেন্দ্র করে এমআরএ ভবনে অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুতি নিয়েছে। 

এর আগে রোববার নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শেরেবাংলা নগর থানায় চিঠি দেয় এমআরএ। চিঠিতে সরকারি সম্পদ ও স্থাপনার ক্ষয়ক্ষতি এবং নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কার কথা জানানো হয়।

এমআরএর দাবি, প্রতিষ্ঠানগুলোর অনুমোদন বাতিলের সিদ্ধান্ত হঠাৎ নেওয়া হয়নি। একাধিকবার সরেজমিন পরিদর্শন, নথিপত্র যাচাই, প্রতিষ্ঠানের বক্তব্য গ্রহণ এবং পুনর্বিবেচনার সুযোগ দেওয়ার পর আইন ও বিধি মেনেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাময়িক অনুমোদনের সুযোগ নিয়ে কয়েকটি প্রতিষ্ঠান গ্রাহকস্বার্থের জন্য ঝুঁকিপূর্ণ ও আইনত শাস্তিযোগ্য কর্মকাণ্ডে জড়িয়েছে বলেও অভিযোগ কর্তৃপক্ষের।

‘সনদ ছাড়াই কোটি কোটি টাকার আমানত’

এমআরএ সূত্র জানায়, কয়েকটি প্রতিষ্ঠান সনদ পাওয়ার আগেই ব্যাপকভাবে মেয়াদি আমানত সংগ্রহ শুরু করে। 

নির্দিষ্ট শর্ত পূরণ ও এমআরএর পূর্বানুমোদন ছাড়া এ ধরনের আমানত নেওয়ার সুযোগ নেই। এরপরও সনদবিহীন অবস্থায় গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা মেয়াদি আমানত নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়ছে বলেও জানায় এমআরএ।

এমআরএ আরও জানায়, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন ও তদারকির বাইরে এভাবে অর্থ সংগ্রহে গ্রাহকের টাকা ঝুঁকিতে পড়তে পারে।

নন-এমআরএ নামে ‘অবৈধ’ শাখা 

অনুমোদিত কার্যক্রমের বাইরে ‘নন-এমআরএ’ পরিচয়ে শাখা পরিচালনা, এমআরএর কাছে তথ্য গোপন করে অবৈধ সমবায় সমিতি পরিচালনা এবং সনদ ছাড়া ক্ষুদ্রঋণ কার্যক্রম চালানোর অভিযোগও রয়েছে। 

এসব কার্যক্রম এমআরএর কাছে দেওয়া প্রতিবেদনে দেখানো হয়নি বলে দাবি কর্তৃপক্ষের।

কিছু প্রতিষ্ঠান সনদের আবেদনে মিথ্যা, অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর তথ্য দিয়েছে বলেও অভিযোগ করেছে এমআরএ। অভিযোগ যাচাইয়ে সরেজমিন পরিদর্শন, ব্যাখ্যা গ্রহণ, বক্তব্য ও নথিপত্র পর্যালোচনা এবং পুনর্বিবেচনার সুযোগ দেওয়ার পর আবেদন নামঞ্জুর বা অনুমোদন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‘আদালতে না গিয়ে চাপ সৃষ্টির চেষ্টা’

নাম প্রকাশ না করার শর্তে এমআরএর এক কর্মকর্তা বলেন, “সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি প্রতিকারের সুযোগ থাকলেও সংশ্লিষ্টরা আদালতে না গিয়ে আন্দোলন-সমাবেশের মাধ্যমে চাপ সৃষ্টির পথ নিয়েছে তারা।”

“কারণ অবৈধ উপায়ে এমআরএকে ‘ম্যানেজ’ করতে না পেরে এবং নিজেদের অনিয়মের কারণে অনুমোদন বাতিল হওয়ায় এখন সরকার ও নিয়ন্ত্রক সংস্থাকে চাপের মুখে ফেলে দাবি আদায়ের চেষ্টা করছে তারা”, বলেন তিনি।

ওই কর্মকর্তা আরও বলেন, এ ধরনের কর্মসূচিতে সরকারি দপ্তরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এমআরএর কোনো সিদ্ধান্তে আপত্তি থাকলে আদালতসহ প্রচলিত আইনি প্রক্রিয়ায় প্রতিকার চাওয়ার সুযোগ রয়েছে।

এদিকে এমআরএর সহকারী পরিচালক মো. মারুফুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, অনুমোদন বাতিল হওয়া কয়েকটি প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা এমআরএর কার্যালয়ের সামনে আন্দোলন বা সমাবেশ করতে পারেন। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সরকারি সম্পদ ও স্থাপনার ক্ষয়ক্ষতি এবং নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কার কথা জানানো হয়।

চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে জানান, আমরা এমআরএর চিঠি পেয়েছি। এমআরএর দেওয়া সাময়িক অনুমোদন বাতিল করায় কিছু প্রতিষ্ঠান ক্ষুব্ধ হয়েছে।

তিনি আরও জানান, বিষয়টি বিবেচনায় নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের পর্যাপ্ত সংখ্যক ফোর্স প্রস্তুত রাখা হয়েছে, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা