প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ ১৭:২০ পিএম
প্রতীকী ছবি।
রাজধানীর কদমতলী থানাধীন মুরাদপুর একটি বাসায় ‘চুরি করতে গিয়ে’ ৩ তলার কার্নিশ থেকে নিচে পড়ে এক যুবক নিহত হয়েছেন।
মরদেহ উদ্ধার পরে ময়নাতদন্তের জন্য শনিবার সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
নিহত সেলিম (৩৭) কুমিল্লা জেলার তিতাস থানার কদমতলা এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি কদমতলীর উত্তর মুরাদপুরের ৩৪১ নম্বর বাসায় পালিত বাবা আনোয়ার মিয়া ও পালিত মা রাবেয়া সঙ্গে থাকতেন।
কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন বলেন, “আমরা সকাল ৯টার দিকে খবর পেয়ে কদমতলী মুরাদপুরের একটি বাসার সামনে পাকা রাস্তার ওপরে রক্তাক্ত অবস্থায় সেলিমের মরদহ দেখতে পাই। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, “আশেপাশের লোকজনের মুখে জানতে পারি, নিহত সেলিম ভোর সাড়ে ৬টার দিকে সাত্তার মিয়ার বাড়িতে চুরি করার জন্য উঠার সময় তিনতলার কার্নিশ থেকে নিচে পড়ে মাথার পেছনে গুরুতর আঘাত পান। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।”
তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।