ঢাকার ডিসি ফরিদা খানম ও তার লেখা চিঠি। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করা ঢাকা জেলার ২৫ শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে ব্যক্তিগত চিঠি পাঠিয়েছেন ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।
চিঠির সঙ্গে শিক্ষার্থীদের জন্য বই, ফুল ও মিষ্টিও উপহার হিসেবে পাঠানো হয়েছে।
ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে শনিবার দুপুরে এ তথ্য জানা গেছে।
জেলা প্রশাসনের এমন উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থী ও তাদের শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষ।
শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
২৫ শিক্ষার্থীর উদ্দেশে পাঠানো চিঠিতে জেলা প্রশাসক ফরিদা খানম লিখেছেন, একজন শিক্ষার্থীকে আলাদাভাবে চিঠি লেখার কারণ হলো- তার মধ্যে শুধু একজন মেধাবী শিক্ষার্থী নয়, ভবিষ্যতের একজন আলোকিত মানুষকে দেখতে পাওয়া।
এসএসসি পরীক্ষায় অসাধারণ সাফল্যের জন্য ঢাকা জেলা প্রশাসন ও তার পক্ষ থেকে শিক্ষার্থীদের উষ্ণ অভিনন্দনও জানান তিনি।
চিঠিতে শিক্ষার্থীদের সাফল্যের পেছনে বাবা-মা ও শিক্ষকদের অবদানের কথা স্মরণ করিয়ে দেন জেলা প্রশাসক। তাদের ত্যাগ, আস্থা ও সহযোগিতার ফল হিসেবেও এই অর্জনকে উল্লেখ করেন তিনি।
ফরিদা খানম বলেন, মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীরা এখন সম্ভাবনার নতুন দিগন্তে প্রবেশ করেছে। তবে এসএসসির সাফল্যকে চূড়ান্ত গন্তব্য হিসেবে না দেখে এটিকে ভবিষ্যৎ পথচলার শুরু হিসেবে নিতে হবে।
উচ্চমাধ্যমিকের নতুন অধ্যায়ে আরও কৌতূহলী, সাহসী ও জ্ঞানপিপাসু হওয়ার আহ্বান জানান তিনি।
শুধু জিপিএ-৫ অর্জনের মধ্যে নিজেদের সীমাবদ্ধ না রেখে তথ্যপ্রযুক্তির জ্ঞান, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে নিজেদের সমৃদ্ধ করার পরামর্শ দিয়েছেন জেলা প্রশাসক।
পাশাপাশি সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে এমন মানুষ হওয়ার আহ্বান জানিয়েছেন, যারা ক্যারিয়ার গড়ার পাশাপাশি দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে পারবেন।
এ বিষয়ে ঢাকা জেলার জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, “মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা আমাদের দায়িত্ব। তাদের সাফল্য শুধু তাদের পরিবার বা শিক্ষাপ্রতিষ্ঠানের গর্ব নয়, এটি ঢাকা জেলারও গর্ব।”
ছোট্ট উপহার ও চিঠির মাধ্যমে শিক্ষার্থীদের জানাতে চেয়েছেন যে তাদের মেধা ও স্বপ্নের প্রতি জেলা প্রশাসনের আন্তরিক শুভকামনা রয়েছে, বলেন ডিসি।
ভবিষ্যতে তারা যেন ভালো ফলাফলের পাশাপাশি মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও দায়িত্ববোধে নিজেদের গড়ে তুলে দেশের উন্নয়নে নেতৃত্ব দিতে পারেন, সেটিই জেলা প্রশাসনের প্রত্যাশা বলেও জানান তিনি।
এর আগে ২০০২ সালে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সরাসরি চিঠি লিখেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
ওই চিঠির সঙ্গে শিক্ষার্থীদের দুটি করে বইও উপহার হিসেবে পাঠানো হয়েছিল।