× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় পুরস্কারপ্রাপ্ত আদনান আজাদ ও হাসমত আলীকে সংবর্ধনা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ ০৯:১৫ এএম

জাতীয় পুরস্কারপ্রাপ্ত আদনান আজাদ ও হাসমত আলীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ)। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জাতীয় পুরস্কারপ্রাপ্ত আদনান আজাদ ও হাসমত আলীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ)। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার-২০২৬ অর্জন করায় আদনান আজাদ এবং পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে জাতীয় পরিবেশ পদক-২০২৫ পাওয়ায় অধ্যাপক মো. হাসমত আলীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ)।

ঢাকায় জাতীয় প্রেসক্লাবে বিবিসিএফ ও সেভ ওয়াইল্ডলাইফ অ্যান্ড নেচার (সোয়ান) যৌথভাবে শুক্রবার এ অনুষ্ঠানের আয়োজন করে।

আয়োজকেরা জানান, দেশের বিভিন্ন প্রান্তে বন্যপ্রাণী, জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণে কাজ করা বিবিসিএফের ৩১৪টির বেশি সংগঠন ও তাদের স্বেচ্ছাসেবীদের উদ্যোগে এ আয়োজন করা হয়।

সংবর্ধনার পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা সংরক্ষণকর্মীদের মিলন ও আনন্দ ভাগাভাগির উপলক্ষও ছিল অনুষ্ঠানটি।

সংরক্ষণকর্মীদের অর্জনে আনন্দ

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবিসিএফের সভাপতি ড. নাছির উদ্দিন। সাধারণ সম্পাদক মো. আরাফাত রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন বিবিসিএফের প্রধান উপদেষ্টা ড. মোল্যা রেজাউল করিম, উপদেষ্টা ড. এস এম ইকবাল, আইইউসিএন বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার সারোয়ার আলম দিপু, বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি ও বিবিসিএফের সহসভাপতি বাপ্পি খান, উপদেষ্টা অধ্যাপক টিপু সুলতান, কৃষিবিদ শহিদুর রহমান এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ও বিবিসিএফের উপদেষ্টা ডা. আতিকুর রহমান মিঠু।

জাতীয় পুরস্কারপ্রাপ্ত বন্যপ্রাণী সংরক্ষণকর্মী আদনান আজাদ বলেন, এই স্বীকৃতি তার একার অর্জন নয়; দীর্ঘদিন মাঠপর্যায়ে কাজ করা স্বেচ্ছাসেবী, সহকর্মী ও সংগঠনগুলোর অবদানের ফল এটি।

বন্যপ্রাণী উদ্ধার করার পাশাপাশি মানুষকে প্রাণী সম্পর্কে ইতিবাচক ধারণা দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

তার মতে, শুধু প্রাণী উদ্ধার নয়, মানুষ ও বন্যপ্রাণীর সহাবস্থান নিশ্চিত করতে মানুষের আচরণ ও দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন প্রয়োজন।

‘পুরস্কার বাড়িয়েছে দায়িত্ব’

অধ্যাপক মো. হাসমত আলী বলেন, প্রকৃতি সংরক্ষণে কাজ করতে গিয়ে তিনি বুঝেছেন, একটি গাছ, প্রজাপতি, পাখি কিংবা ছোট জলাভূমিও বড় বাস্তুতন্ত্রের অংশ।

শিক্ষার্থী ও তরুণদের প্রকৃতির সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এতে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ তৈরি হবে।

জাতীয় পরিবেশ পদক তাকে আরও দায়িত্বশীল করেছে বলেও জানান তিনি।

ড. মোল্যা রেজাউল করিম বলেন, আদনান আজাদ শুধু বন্যপ্রাণী উদ্ধারকর্মী নন, তিনি দেশের বন্যপ্রাণী সংরক্ষণ আন্দোলনের দীর্ঘদিনের একজন আইকন।

সংরক্ষণকর্মীদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসার ক্ষেত্রে বিবিসিএফের ভূমিকারও প্রশংসা করেন তিনি। মাঠপর্যায়ে নীতির বাস্তব প্রয়োগ নিশ্চিত করার পাশাপাশি মানুষ ও বন্যপ্রাণীর প্রয়োজনের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দেন।

ড. এস এম ইকবাল বলেন, কোনো প্রাণী সংরক্ষণ করতে হলে প্রথমে মানুষকে বোঝাতে হবে, সেই প্রাণী প্রকৃতি ও মানুষের কী উপকার করে। মানুষের কাছে বন্যপ্রাণীর গুরুত্ব স্পষ্ট না হলে শুধু আইন করে দীর্ঘমেয়াদে সংরক্ষণ নিশ্চিত করা কঠিন।

সমন্বিত উদ্যোগের আহ্বান

সারোয়ার আলম দিপু বলেন, পুরস্কার পাওয়া কাজ শেষ হওয়ার বিষয় নয়; বরং দায়িত্ব আরও বেড়ে যাওয়ার বার্তা।

আদনান আজাদ ও হাসমত আলীর অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের সংরক্ষণ কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

কৃষিবিদ শহিদুর রহমান বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ শুধু বন বা অভয়ারণ্যে সীমাবদ্ধ নয়; মানুষের বসতি ও কৃষিজমির সঙ্গেও বন্যপ্রাণীর সম্পর্ক রয়েছে। 

মানুষ-বন্যপ্রাণী সংঘাত কমাতে স্থানীয় পর্যায়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি দেশীয় ও অপ্রচলিত ফলের গাছ লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি।

প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. আতিকুর রহমান মিঠু বাংলাদেশের জীববৈচিত্র্য হ্রাসের চিত্র তুলে ধরে বলেন, গত ২০০ বছরে দেশ থেকে প্রায় ৩০০ প্রজাতি হারিয়ে গেছে।

সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি সংগঠন, বিশ্ববিদ্যালয়, গবেষক ও স্বেচ্ছাসেবীদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।

বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি বাপ্পি খান, অধ্যাপক টিপু সুলতানসহ অন্য বক্তারা দুই পুরস্কারপ্রাপ্তের কাজের প্রশংসা করেন।

তারা বলেন, ব্যক্তিগত উদ্যোগ ও সামাজিক সংগঠনের সম্মিলিত প্রচেষ্টা সংরক্ষণ আন্দোলনকে আরও শক্তিশালী করতে পারে। তরুণদের এ কাজে সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেন তাঁরা।

অনুষ্ঠানের সভাপতি ড. নাছির উদ্দিন বলেন, “আজকের আয়োজনকে আমি শুধু সংবর্ধনা হিসেবে দেখি না। আমরা আনন্দ ভাগাভাগি করতে একত্রিত হয়েছি। আদনান আজাদ ও হাসমত আলীর অর্জন আমাদের সবার অর্জন।”

তিনি বলেন, বিবিসিএফের ৩১৪টির বেশি সংগঠনের ৩০ হাজারের বেশি স্বেচ্ছাসেবী দেশের প্রত্যন্ত অঞ্চলে বন্যপ্রাণী, পরিবেশ ও জীববৈচিত্র্য নিয়ে কাজ করছেন।

আদনান আজাদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা নীতিনির্ধারণে কাজে লাগানোর সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ড. নাছির উদ্দিন বলেন, “বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী একজন প্রাণবান্ধব প্রধানমন্ত্রী। প্রাণ-প্রকৃতি নিয়ে সরকারের যে ভাবনা রয়েছে, তা বাস্তবায়নে নীতিনির্ধারণী পর্যায়ে মাঠের অভিজ্ঞতাসম্পন্ন মানুষদের যুক্ত করা দরকার।”

আদনান আজাদকে রাষ্ট্রের নীতিনির্ধারণী পর্যায়ে সম্পৃক্ত করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চলের বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা