প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬ ২০:২৮ পিএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৬ ২০:৩৯ পিএম
ফ্লাইওভারের ওপর অটোরিকশা। ছবি: ফোকাস বাংলা
ঢাকার যানজট নিরসন ও গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে অঞ্চলভিত্তিক ব্যাটারিচালিত রিকশা চলাচলের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
গণমাধ্যমকে শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন ডিএসসিসির প্রশাসক আব্দুস সালাম।
তিনি জানান, ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত প্রবেশ ও ট্রাফিক আইন অমান্যের কারণে রাজধানীতে যানজট তীব্র আকার ধারণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরো ঢাকাকে কয়েকটি জোনে ভাগ করা হবে। এক জোনের রিকশা অন্য জোনে প্রবেশ করতে পারবে না। ডেমরার রিকশা নিউ মার্কেটে কিংবা কেরানীগঞ্জের রিকশা ঢাকায় প্রবেশ করতে পারবে না।
একইভাবে উত্তর সিটি করপোরেশন এলাকার রিকশাও অনিয়ন্ত্রিতভাবে দক্ষিণ সিটিতে চলতে পারবে না। নির্দিষ্ট সড়ক ও নির্দিষ্ট দিনে রিকশা চলাচলেও থাকবে বিধিনিষেধ।
ডিএসসিসি প্রশাসক বলেন, নিবন্ধন ও লাইসেন্স ছাড়া ঢাকায় কোনো রিকশা চলতে দেওয়া হবে না।
লাইসেন্সের আওতায় এনে রিকশা ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি বাস চলাচলেও নিয়মকানুন কার্যকর করা হচ্ছে। যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানামা বন্ধে নির্দিষ্ট স্টপেজ চালুর কাজ চলছে। আগামী কয়েক মাসের মধ্যে এর দৃশ্যমান অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯’ এবং ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) আইন, ২০২৬’-এর ভিত্তিতে ই-রিকশা ব্যবস্থাপনায় জাতীয় নীতিমালা প্রণয়নের কাজ চলছে। এতে নিয়মতান্ত্রিক লাইসেন্সিং কর্তৃপক্ষ নির্ধারণের পাশাপাশি সড়ক নিরাপত্তা, যানজট নিয়ন্ত্রণ ও সরকারি রাজস্ব বৃদ্ধির পথ তৈরি হবে।
রাজধানীকে বাসযোগ্য ও শৃঙ্খলাপূর্ণ রাখতে প্রশাসনের উদ্যোগের পাশাপাশি নগরবাসীকেও দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি।