নগর ভবনের অডিটোরিয়ামে বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন ডিএসসিসির প্রশাসক মো. আব্দুস সালাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নাগরিকদের মধ্যে ঢাকার প্রতি মমত্ববোধ ও দায়িত্বশীলতা তৈরি করতে মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’উৎসবের আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
ঢাকার ৪১৬ বছর পূর্তি ও ‘ঢাকা দিবস’উপলক্ষে ১ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত এ উৎসব চলবে।
এতে হেরিটেজ সাইকেল র্যালি, হেরিটেজ রান, নৌকা বাইচ, ঘুড়ি উৎসব, শোভাযাত্রা, পুরোনো চলচ্চিত্র ও নাটক প্রদর্শনসহ নানা কর্মসূচি থাকছে।
নগর ভবনের অডিটোরিয়ামে বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন ডিএসসিসির প্রশাসক মো. আব্দুস সালাম।
প্রশাসক বলেন, ঢাকায় আমরা অনেকেই বসবাস করি। কেউ জন্মসূত্রে, কেউ জীবিকার জন্য আবার কেউ শিক্ষার জন্য। কেউ স্থায়ীভাবে, আবার কেউ অস্থায়ীভাবে। কিন্তু এই শহর আমাদের আশ্রয় দিয়েছে। সেই সূত্রে আমরা সবাই এই শহরের নাগরিক।
অথচ এই রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে দৃঢ় বন্ধন না থাকায় অনেকেই শহরটিকে আপন করে নিতে পারেননি বলেও আক্ষেপ প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, এর প্রভাব পড়ছে নগরীর বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা, পরিবেশ রক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে। এসব বিষয়ে নাগরিক সচেতনতা ও দায়িত্ববোধ কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছানো সম্ভব হয়নি।
আব্দুস সালাম বলেন, নাগরিকদের কাছে ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে তাদের হৃদয়ে ঢাকার প্রতি মমত্ববোধ ও দায়িত্ববোধ তৈরিই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
মাসব্যাপী কর্মসূচির মধ্যে এরই মধ্যে ১ থেকে ৭ আগস্ট বাংলাদেশ শিশু অ্যাকাডেমিতে শিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২ থেকে ৬ আগস্ট চ্যানেল আইয়ের ব্যবস্থাপনায় ঢাকার চলচ্চিত্রের ৭০ বছর পূর্তি উৎসবও অনুষ্ঠিত হয়েছে।
১৪ আগস্ট ভোরে ঢাকা গেট থেকে নগর ভবন পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘ঢাকা হেরিটেজ সাইকেল র্যালি’। ১৫ আগস্ট মতিঝিলের শাপলা চত্বর থেকে বুড়িগঙ্গা মঞ্চ (সোয়ারীঘাট) পর্যন্ত হবে ‘ঢাকা হেরিটেজ রান’।
সূত্রাপুরের জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে ঢাকাকে নিয়ে নির্মিত মঞ্চনাটক নিয়ে নাট্যোৎসব অনুষ্ঠিত হবে ১৬ থেকে ২২ আগস্ট।
২১ আগস্ট খোলামোড়া ঘাট থেকে ওয়াইজ ঘাট পর্যন্ত হবে ঐতিহ্যবাহী নৌকা বাইচ।
একই দিন সদরঘাটে শত বছরের পুরোনো বিশেষ হেরিটেজ ক্রুজে পর্যটকদের ভ্রমণের আয়োজন রাখা হয়েছে।
মধুমিতা সিনেমা হলে ঢাকাকে নিয়ে নির্মিত পুরোনো চলচ্চিত্র প্রদর্শন করা হবে ২২ আগস্ট।
২১ থেকে ৩০ আগস্ট ঢাকার বিপণিবিতানগুলোতে অনুষ্ঠিত হবে ‘দ্য গ্রেট ঢাকা সেল’। একই সময়ে ‘লাভ লেটার টু ঢাকা’ কর্মসূচিতে নাগরিকদের কাছে ঢাকাকে নিয়ে তাদের আবেগ ও ভালোবাসার চিঠি আহ্বান করা হবে।
আবার, ২১ থেকে ২৮ আগস্ট শিল্পকলা অ্যাকাডেমিতে ঢাকাকে নিয়ে নির্মিত মঞ্চনাটক প্রদর্শিত হবে। ২৩ থেকে ২৯ আগস্ট বাংলাদেশ টেলিভিশনে ঢাকাকে নিয়ে নির্মিত পুরোনো নাটক ও অন্যান্য অনুষ্ঠান সম্প্রচার করা হবে।
উত্তর ধানমণ্ডির জয়নুল হক শিকদার মহিলা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের হেলিপ্যাড থেকে হেলিকপ্টারের মাধ্যমে ‘পাখির চোখে হৃদয়ে ঢাকা’ উৎসব প্রদর্শনের আয়োজন থাকবে ২৪ আগস্ট।
২৮ আগস্ট লক্ষ্মীবাজার থেকে নগর ভবন পর্যন্ত হবে ঢাকা শোভাযাত্রা। এতে ঘোড়ার গাড়ি, রিকশা, ভিনটেজ গাড়ি ও পালকিসহ ঢাকার ঐতিহ্যবাহী বিভিন্ন উপকরণ থাকবে।
২৯ আগস্ট বিকাল ৪টায় লালবাগ কেল্লায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।
একই সঙ্গে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’বাস্তবায়নে বিশেষ পরিচ্ছন্নতা, মশক নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচিরও সূচনা করা হবে।
৩০ আগস্ট লালবাগ কেল্লায় ঘুড়ি উৎসব, বিশেষ ‘ঢাকা আড্ডা’ এবং সন্ধ্যায় ঐতিহ্যবাহী কাওয়ালীসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
শিল্পকলা অ্যাকাডেমিতে ১ সেপ্টেম্বর শিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে। একই সঙ্গে দেশের খ্যাতিমান চিত্রশিল্পীদের উপস্থিতিতে উন্মুক্ত আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হবে।
আলমগঞ্জ জেটিতে পুরান ঢাকার পঞ্চায়েতি আড্ডার মধ্য দিয়ে মাসব্যাপী এ আয়োজন শেষ হবে ৫ সেপ্টেম্বর।
সংবাদ সম্মেলনে ডিএসসিসির প্রশাসক বলেন, ১৬১০ সালে সুবাহ বাংলার রাজধানী হিসেবে ঢাকার যাত্রা শুরু। আর ১৮৬৪ সালের ১ আগস্ট ঢাকা পৌরসভা প্রতিষ্ঠার মাধ্যমে শুরু হয় আধুনিক নগর প্রশাসনের পথচলা।
কালের বিবর্তনে যা আজ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে রূপ নিয়েছে। তাই ১ আগস্টকে ‘ঢাকা দিবস’হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণঅভ্যুত্থান থেকে শুরু করে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পর্যন্ত বাংলাদেশের প্রতিটি গৌরবোজ্জ্বল ইতিহাসের সাক্ষী ঢাকা। সেই ঐতিহ্য ধারণ করেই একটি পরিচ্ছন্ন, সবুজ ও আধুনিক রাজধানী গড়ে তোলাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লক্ষ্য।
একটি পরিচ্ছন্ন, সবুজ, স্মার্ট ও নাগরিকবান্ধব ঢাকা গড়ে তুলতে দেশের সর্বস্তরের নাগরিক, সাংস্কৃতিক সংগঠন, গণমাধ্যম এবং দেশি-বিদেশি পর্যটকদের এ আয়োজনে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে ডিএসসিসি।