প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ১৮:০৩ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৬ ১৮:২০ পিএম
ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ডুরা) সঙ্গে বুধবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম মতবিনিময় সভায় বক্তব্য দেন। ছবি: বাসস
সিটি করপোরেশনের উন্নয়নে অর্ধেক দায়িত্ব জনগণের এবং অর্ধেক প্রশাসনের বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম।
তিনি বলেছেন, জনগণের দায়িত্ব ৫০ শতাংশ, সিটি কর্পোরেশনের দায়িত্ব ৫০ শতাংশ। এই দুই পক্ষের মাঝামাঝি অবস্থানে গণমাধ্যম। তাই সিটি কর্পোরেশনের পাশাপাশি জনগণকেও সচেতন করার ক্ষেত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে
ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ডুরা) সঙ্গে মতবিনিময় সভায় বুধবার তিনি এসব কথা বলেন।
আব্দুস সালাম বলেন, “জনগণের দায়িত্ব ৫০ শতাংশ, সিটি করপোরেশনের দায়িত্ব ৫০ শতাংশ। এই দুই পক্ষের মাঝামাঝি অবস্থানে গণমাধ্যম। তাই সিটি করপোরেশনের পাশাপাশি জনগণকেও সচেতন করার ক্ষেত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে”।
তিনি বলেন, “ঢাকা শহরের বিভিন্ন সমস্যা গণমাধ্যমে তুলে ধরলে সিটি করপোরেশনের নজরে আসে এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া সম্ভব হয়। কোথাও আবর্জনা পড়ে থাকা, সড়কের বাতি নষ্ট হওয়া কিংবা রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর প্রকাশ হলে সংশ্লিষ্ট বিভাগকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়”।
ডিএসসিসি প্রশাসক বলেন, “দায়িত্ব নেওয়ার সময় সিটি করপোরেশন অনেকটা ‘নির্জীব’ অবস্থায় ছিল। একটি দৈনন্দিন সেবাদানকারী প্রতিষ্ঠানকে আবার কর্মক্ষম অবস্থায় ফিরিয়ে আনা বড় চ্যালেঞ্জ ছিল। এখনো কিছু জটিলতা রয়েছে এবং কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে শতভাগ সেবা নিশ্চিত করা যায়নি। তবে প্রতিষ্ঠানটিকে পুনরুজ্জীবিত করতে কাজ চলছে”।
রাজস্ব আদায়ে অগ্রগতির কথা তুলে ধরে তিনি বলেন, “দায়িত্ব নেওয়ার পর রাজস্ব বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। সাম্প্রতিক কয়েক মাসে আগের তুলনায় সর্বোচ্চ রাজস্ব আদায়ের ব্যবস্থা করা হয়েছে। সিটি করপোরেশন যাতে নিজস্ব রাজস্ব দিয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে, সে লক্ষ্যেই কাজ চলছে”।
তিনি বলেন, “সিটি করপোরেশন রাস্তা নির্মাণ ও মোবাইল কোর্ট পরিচালনাসহ বিভিন্ন কাজ করলেও এসব খাত থেকে আদায়কৃত অর্থের একটি অংশ করপোরেশনের কাছে আসে না। মোবাইল কোর্টের জরিমানার অর্থ সরকারি রাজস্ব তহবিলে জমা হয়, অথচ অভিযান পরিচালনায় সিটি করপোরেশনের ব্যয় রয়েছে। এসব বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করে রাজস্ব বৃদ্ধির নতুন ব্যবস্থা নেওয়া হচ্ছে”।
জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা
জলাবদ্ধতা প্রসঙ্গে আব্দুস সালাম বলেন, “বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের পর্যাপ্ত পথ না থাকায় ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। ধানমন্ডি, নিউ মার্কেট, ঢাকা কলেজ ও গ্রিন রোড এলাকার পানি নিষ্কাশনের একটি গুরুত্বপূর্ণ পথ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এটি পুনরায় কার্যকর করতে উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ জন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুদানও পাওয়া গেছে”।
তিনি বলেন, “পুরো ড্রেনেজ ব্যবস্থা পুনর্গঠন একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। তাৎক্ষণিকভাবে জলাবদ্ধতা মোকাবিলায় সিটি করপোরেশন পাম্প কিনেছে। ফলে আগে যেখানে কয়েক দিন পানি জমে থাকত, এখন অনেক ক্ষেত্রে কয়েক ঘণ্টার মধ্যে পানি অপসারণ করা সম্ভব হচ্ছে”।
পুরান ঢাকার ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত দুর্বল উল্লেখ করে তিনি বলেন, “ওয়াসা ও সিটি করপোরেশনের অনেক ড্রেন দীর্ঘদিনের অব্যবস্থাপনায় ভঙ্গুর হয়ে পড়েছে। মাটি, বালু ও বিভিন্ন বর্জ্যে অনেক ড্রেন ভরে গেছে। ড্রেন ও খাল পরিষ্কারের কাজ চললেও বর্ষাকালে বড় ধরনের খননকাজ করা সম্ভব হচ্ছে না”।
জলাবদ্ধতার জন্য নাগরিকদের অসচেতনতাকেও দায়ী করেন তিনি। পলিথিন, ককশিট, পুরোনো কাপড়, এমনকি বালিশ ও ম্যাট্রেসও ড্রেনে পাওয়া যাচ্ছে বলে জানান তিনি। একটি পলিথিন বা বড় কোনো বর্জ্য ড্রেনে আটকে পুরো এলাকার পানি নিষ্কাশন ব্যাহত করতে পারে। তাই সিটি করপোরেশনের সমালোচনার পাশাপাশি নাগরিকদের সচেতন করার আহ্বান জানান তিনি।
রিকশাগুলোকে অঞ্চলভিত্তিক ব্যবস্থাপনার আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে প্রশাসক বলেন, “একটি এলাকার রিকশা অন্য এলাকায় গিয়ে চলাচল করতে পারবে না। রিকশার লাইসেন্স ও নির্দিষ্ট অঞ্চলভিত্তিক চলাচলের ব্যবস্থা করা হবে”।
হকারদের জন্যও নিবন্ধন ব্যবস্থা চালুর কথা জানান তিনি। নিবন্ধন ও পরিচয়পত্র ছাড়া কেউ হকারি করতে পারবেন না। বড় ফুটপাতের নির্দিষ্ট অংশে প্রয়োজন অনুযায়ী হকারদের বসার সুযোগ দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।