নিহত কিশোরী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছে দুই ব্যক্তি।
ঘটনাটি ঘটেছে বুধবার বেলা ১১টার দিকে।
হাসপাতালটির ট্রলিম্যান আব্দুর রউফের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক জানান, ৩৫ থেকে ৪০ বছর বয়সী দুই ব্যক্তি একটি সিএনজি অটোরিকশায় করে অজ্ঞাতপরিচয় ওই কিশোরীকে (১৫) জরুরি বিভাগের সামনে নিয়ে আসেন। ওই সময় ট্রলি নিয়ে আব্দুর রউফ এগিয়ে গেলে তারা কিশোরীকে ট্রলিতে তুলে দেন। পরে ‘টিকিট কেটে আসছি’ বলে সেখান থেকে সটকে পড়েন তারা।
পরে অচেতন অবস্থায় কিশোরীকে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার গলায় ফাঁসের চিহ্ন এবং দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তিনি।
ফারুক আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। কিশোরীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সিএনজিসহ পালিয়ে যাওয়া দুই ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে।
ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে এবং সিআইডির ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে বলেও জানান তিনি।